‘নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতির অবনতি’

আপডেট : ২১ মার্চ ২০২১, ২১:৫০

হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে দ্বিতীয় ধাপে করোনা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে জানিয়ে সর্বস্তরের মানুষকে মাস্ক ব্যবহারসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী। ‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’—স্ল্লোগান নিয়ে রবিবার বিকালে নগরীর চাষাঢ়ায় জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে করোনা মোকাবিলায় জনসচেনতা সৃষ্টির জন্য সর্বস্তরের নাগরিকদের মধ্যে মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শামীম বেপারী এবং জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম এবং নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র করোনা সচেতনতা প্রসঙ্গে আরো বলেন, বর্তমানে করোনার যেসব উপসর্গ দেখা দিচ্ছে তা অত্যন্ত ভয়াবহ। বাহ্যিকভাবে যার কোনো লক্ষণ পরিলক্ষিত হয় না।

এদিকে গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৪৩ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৯৪ জন, সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৭৫ জন এবং মৃত্যু হয়েছে ১৬৩ জনের।