চট্টগ্রাম অফিস
প্রজনন মৌসুমকে সামনে রেখে হালদায় গতকাল রবিবার অভিযান চালিয়েছে হাটহাজারী উপজেলা প্রশাসন। এ সময় ৫ হাজার মিটার ‘ঘেরা জাল’ জব্দ করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন এই অভিযান পরিচালনা করেন। ইউএনও জানান, আগামী এপ্রিল থেকে হালদায় ডিম ছাড়ার মৌসুম শুরু হবে। মা-মাছ ডিম ছাড়তে হালদায় আসা শুরু করবে। মা-মাছ শিকারের জন্য চোরা শিকারিদের কাছে ঘেরা জাল খুব কার্যকর অস্ত্র। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মত্স্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মত্স্য হেরিটেজ হালদা নদীর মা-মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।
