মারা গেল রাইস মিলের ছাইয়ে দগ্ধ স্কুল শিক্ষার্থী

আপডেট : ২১ মার্চ ২০২১, ২১:৫২

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা

ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মারা গেল উপজেলার বাকতা ইউনিয়নের শ্রীপুর গ্রামে অটোরাইস মিলের ছাইয়ে দগ্ধ ৫ম শ্রেণির শিক্ষার্থী আরাফাত হোসেন। রবিবার ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শিশুটির মামা জামাল উদ্দিন। গত সোমবার বিকালে নানার বাড়িতে বেড়াতে এসে সড়কের পাশে সরকার অটোরাইস মিলের ফেলে রাখা পরিত্যক্ত ছাইয়ের ঢিবিতে খেলতে গিয়ে শরীরের প্রায় ৫০শতাংশ পুড়ে যায় আরাফাতের। গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মচিমহা হাসপাতাল ও সেখান থেকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আরাফাত হোসেন পার্শ্ববর্তী কৈয়ারচালা গ্রামের সিএনজিচালক আয়নাল হকের ছেলে বলে জানা যায়। এদিকে স্থানীয়দের অভিযোগ, উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে সরকার অটোরাইস মিল কর্তৃপক্ষের গাফিলতির কারণে ঐ স্কুল শিক্ষার্থীর মৃত্যু হলো। এমনকি হাসপাতালে ছয় দিন কাতরালেও কেউ তার খোঁজ নেয়নি। তারা বলেন, মিলটির বিরুদ্ধে পরিবেশ বিনষ্টের অভিযোগ দীর্ঘদিনের।