বইমেলা এবং সাধক কবিদের রচনায় বঙ্গবন্ধু

আপডেট : ২১ মার্চ ২০২১, ২২:১১

এ বছরের বইমেলা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের এক গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে। বইমেলার মূল থিমও তাই স্বাধীনতা ও বঙ্গবন্ধু। বইমেলায় বঙ্গবন্ধুকে নিয়ে নানা মাত্রার প্রকাশনা দেখা যাচ্ছে। জাতির জনককে ইতিহাসের আলোচনায় বিশ্লেষণ করছেন লেখকরা। পাঠকদের আগ্রহও রয়েছে সেসব বইয়ের প্রতি। সাধক কবিরাও বঙ্গবন্ধুকে নিয়ে গান রচনা করেছেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনীর শুরুতেই সাধক কবিদের গানে প্রতিফলিত নিজের বংশপরিচয়ের ইতিহাস এবং পূর্বপুরুষের উন্নত নৈতিক চরিত্রের কথা অত্যন্ত গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনী ও কারগারের রোজনামচার বিভিন্ন স্থানে সাধক কবিদের রচিত মুর্শিদি-মারফতি গানের প্রতি তার মমতাবোধের কথা জানিয়েছেন। বঙ্গবন্ধুর কথার ভিত্তিতে জনসংস্কৃতি সমীক্ষণমূলক পদ্ধতিকে কাজে লাগিয়ে আমি গত বছর সাধক কবিদের রচনায় বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতি শীর্ষক গ্রন্থটি প্রণয়ন করি, যা এর মধ্যে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে।

এই গ্রন্থের একটি বিশেষ দিক হচ্ছে, এতে জনসংস্কৃতি সমীক্ষণ হতে প্রাপ্ত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী-তে বর্ণিত ‘চারণ কবিদের গান’ ও ‘কুদরতউল্লাহ শেখের আধা পয়সা জরিমানা’র গান অন্তর্ভুক্ত হয়েছে। সেই সঙ্গে বঙ্গবন্ধুর বংশপরিচয় থেকে শুরু করে বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতির বিভিন্ন পর্যায়কে নিয়ে রচিত বাউল-সুফি-জারি প্রভৃতি গান ও পুথিসাহিত্য অন্তর্ভুক্ত হয়েছে। উল্লেখ্য, এই গ্রন্থে আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রাপ্ত গান-পুথির সংকলনের সহজপন্থা পরিত্যাগ করে যুক্তিনিষ্ঠ গবেষকের দৃষ্টিতে গান ও পুথিকাব্যের উদ্ধৃতি ও বিশ্লেষণ করি; পাশাপাশি বিশ্লেষিত উপাদানকে ঐতিহাসিক তথ্যের সমান্তরালে নিয়ে বিচারের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন ও রাজনৈতিক ইতিহাসের প্রামাণ্য পাঠ নির্মাণ করি।

একথা বিস্মৃত হলে চলবে না যে, একটি গ্রন্থের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির অন্তর্গত সাধক কবি ও লেখকদের রচনাকর্মে প্রতিফলিত জাতির পিতার জীবন ও রাজনীতির বিবিধ বিষয় নিয়ে আলোচনা-বিশ্লেষণ করা অসম্ভব। এই উপলব্ধি হতে গত বছরে প্রকাশিত সাধক কবিদের রচনায় বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতি গ্রন্থ প্রণয়নের পর সেই গবেষণার ধারাবাহিকতা রক্ষার প্রয়োজন বোধ করি। সেই ধারাবাহিতার ফসল হিসেবে বাংলাদেশের লোকায়ত সংস্কৃতির অন্যান্য পর্বে তথা পরিবেশনশিল্পে তথা লোকনাটক, কিচ্ছাগান প্রভৃতির পাশাপাশি লোককবিতাসহ ঐতিহ্যবাহী সংগীতের অন্যান্য ধারায় জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতির বিবিধ বিষয় নিয়ে গবেষণাকর্ম অব্যাহত রেখেছি। এক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনের মাহাত্ম্য মূলত ছোট ছোট ঘটনার অবতারণা করে সাধক কবিদের রচিত নানা ধরনের লোককবিতা, গান, পুথি, লোকনাট্যের পালাকে বিবেচনায় গ্রহণ করেছি।

লেখক :গবেষক, প্রাবন্ধিক