সিলেটে কোয়ারেন্টাইন থেকে পালিয়ে বাড়িতে গেল এক পরিবারের ৯ জন

আপডেট : ২১ মার্চ ২০২১, ২২:১৫

সিলেট নগরীর ব্রিটানিয়া হোটেলে কোয়ারেন্টাইন থেকে পুলিশ ও হোটেলের নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে  যুক্তরাজ্য থেকে আসা একই পরিবারের ৯ সদস্যের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দুপুরে হোটেলের নিরাপত্তা বলয় ফাঁকি দিয়ে তারা জকিগঞ্জে নিজেদের বাড়িতে চলে গেছে বলে হোটেল কর্তৃপক্ষ জানায়। নগরীর যেসব হোটেলে যুক্তরাজ্য প্রবাসীদের কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে সেগুলোতে সার্বক্ষণিকভাবে পুলিশ অবস্থান করছে। তারা কীভাবে পুলিশের চোখ ফাঁকি দিল এ নিয়ে তোলপাড় চলছে।

 সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, ঐ হোটেলে তিন জন পুলিশ সদস্য নিয়োজিত আছে। এ ব্যাপারে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হোটেল কর্তৃপক্ষ জানায়, রবিবার দুপুর ২টার দিকে ২০৩, ৬০৩ নম্বর কক্ষে থাকা একই পরিবারের ৯ প্রবাসী কাউকে কিছু না বলে চলে যায়। পরে মোবাইল ফোনে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে দাবি করে, মুমূর্ষু রোগী দেখতে বাড়ি গেছে। তারা পুনরায় কোয়ারেন্টাইনে ফিরবে।

নগরের আম্বরখানা এলাকার ব্রিটানিয়া হোটেলের ম্যানেজার কাওছার খান বলেন, পালিয়ে যাওয়া ৯ প্রবাসী ১৮ মার্চ লন্ডন থেকে এসে কোয়ারেন্টাইনে থাকতে শুরু করে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে আগামী ২৬ মার্চ তাদের এই প্রক্রিয়া শেষ হওয়ার কথা। উল্লেখ্য, যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে গত ১ জানুয়ারি থেকে সেদেশ থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে সরকার।