সড়কে থামছেই না মৃত্যুর মিছিল। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। ফরিদপুরের মধুখালীতে গতকাল ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয় জনসহ ৯ জন নিহত হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মারা গেছে আরো ৯ জন। এর মধ্যে ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রসহ তিন জন, সাভারে ট্রাকচাপায় কলেজছাত্র, মাগুরায় প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী, নীলফামারীর কিশোরগঞ্জে ব্র্যাকের কর্মী ও গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রাকচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা জানান :ফরিদপুরের মধুখালীতে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন অ্যাডভোকেট, নারীম শিশুসহ ৯ জন। নিহতদের মধ্যে ছয় জন একই পরিবারের সদস্য। দুর্ঘটনায় আহত হয় মাইক্রোবাসের আরো ১০ যাত্রী। নিহত সবার বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায়। ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার এসআই কাওসার হোসেন বলেন, ঝিনাইদহ থেকে একটি মাইক্রোবাস ঢাকার আশুলিয়ায় যাওয়ার পথে মাইক্রোবাসটি মধুখালীর মাঝকান্দিতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জন মারা যায়। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরো ছয় ব্যক্তির মৃত্যু হয়। এছাড়া উন্নত চিকিত্সার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যায় আরো এক জন। তিনি জানান, ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
মহেশপুর উপজেলার কাজীরবেড়ি ইউপির চেয়ারম্যান সেলিম রেজা জানান, এই ইউনিয়নের সামান্তাবাজারের নিহত মোহরের টাকা আনার জন্য ওয়ারিসদের নিয়ে ঢাকায় যাচ্ছিল পরিবারের সদস্যরা। এ সময় তাদের সঙ্গে দুই জন আইনজীবীও ছিলেন। তিনি বলেন, এ ঘটনায় গোটা ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনায় একই পরিবারের নিহত ছয় ব্যক্তি হলেন—মোহরের মা মিয়াজান বিবি (৬৫), তার মেয়ে আমেনা বেগম (৫০), মোহরের স্ত্রী কুটি বিবি (৫২), তার মেয়ে মরিয়ম (২০), মরিয়মের স্বামী জুয়েল (৩২) ও মরিয়ম-জুয়েলের চার মাসের শিশু মুজাহিদ। এ ছাড়া রয়েছেন গাড়িচালক আলামিন ও তার সহযোগী নজরুল ইসলাম এবং ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্বাস আলী।
এদিকে ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা জানান, ভাঙ্গায় রবিবার ভোররাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রসহ মোট তিন জন নিহত হয়েছে। গুরুত্বর আহত হয়েছে এক জন। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, ঢাকায় অধ্যয়নরত কয়েক বন্ধু মিলে উপজেলার কাউলিবেড়া গ্রামে মিনি পিকনিকের আয়োজন করে। সারা রাত বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে গভীর রাতে মোটরসাইকেলযোগে তিন বন্ধু ফেরার পথে ভাঙ্গা গোলচত্বরের কাছে বিপরীতগামী প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা রনি ফকির ও শাকিল খান ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন তাদের অপর বন্ধু অপু (২০)। অন্যদিকে বোরবার সকালে দুর্ঘটনায় মারা গেছেন নাঈম মাতুব্বর নামের এক যুবক। তিনি উপজেলার ব্রাহ্মণকান্দা গ্রামের বেল্লাল মাতুব্বরের সন্তান।
স্টাফ রিপোর্টার, সাভার জানান, শনিবার গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজার মোড়ে ট্রাকচাপায় রায়হান মোল্লা (২৬) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়। নিহত রায়হান সাভার পৌর এলাকার কোটবাড়ী মহল্লার রতন মোল্লার ছেলে। তিনি সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মাগুরা প্রতিনিধি জানান, মাগুরা-যশোর ভায়া আড়পাড়া সড়কের মঘিরঢাল এলাকায় গতকাল রবিবার বিকালে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল কাশেম মোল্লা (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তার বাড়ি শালিখা উপজেলার সিমাখালী গ্রামে।
কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা :কিশোরগঞ্জ উপজেলায় গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে রেহানা আক্তার নামে এক ব্র্যাক কর্মী নিহত হন। গতকাল রবিবার সকালে বড়ভিটা-কিশোরগঞ্জ সড়কের বাজেডুমরিয়া নয়াবাড়ী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তিনি কিশোরগঞ্জ সদর ইউনিয়নের সার ব্যবসায়ী মনোয়ার হোসেন বাবুর স্ত্রী।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, গতকাল রবিবার গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের মাঝবাড়ীতে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় আজাহার আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হন। নিহত বৃদ্ধের বাড়ি উপজেলার মাঝবাড়ী এলাকায়।
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতির জাঙ্গালিয়া নামক স্থানে রবিবার ভোরে মাইক্রোবাস উল্টে গিয়ে দু’মহিলা যাত্রী নিহত হয়েছে। এ দূঘটনায় আহত হয় চালকসহ ৪জন। নিহতরা হলেন নারায়নগঞ্জের সিদ্ধেরগঞ্জ উপজেলার ঝালকুড়ি এলাকার মোজাম্মেলের স্ত্রী মাহাবুবা আক্তার মিতা ও একই এলাকার আবদুল হামিদের স্ত্রী রুবিনা আক্তার।
