আবারও বিতর্কের কেন্দ্রে সাকিব

আপডেট : ২১ মার্চ ২০২১, ২২:২০

গত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে দেশের জার্সিতে ২২ গজে অনিয়মিত মুখ সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা, ইনজুরি, ছুটিজনিত কারণে মাঠের বাইরেই বেশি সময় কাটছে এ বাঁহাতি অলরাউন্ডারের। ক্রিকেটে না থাকলেও বিতর্ক পিছু ছাড়ছে না সাকিবের। গত শনিবার রাতে এক ফেসবুক লাইভ অনুষ্ঠানে বিসিবির পরিচালকদের কর্মকাণ্ড, দেশের ক্রিকেট নিয়ে করা বিস্ফোরক সব মন্তব্যের কারণে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন তিনি।

সাকিব বলেছেন, তিনি টেস্ট             খেলতে চান এবং শ্রীলঙ্কা সফরে ছুটি চেয়ে তার চিঠির ভুল ব্যাখ্যা করেছেন আকরাম খান। সভাপতি নাজমুল হাসান পাপন, খালেদ মাহমুদ সুজন ছাড়া বিসিবির বাকিদের কাজ তার চোখে পড়ছে না। এইচপি থেকে ক্রিকেটার তৈরি হচ্ছে না বলে মন্তব্য করেছেন তিনি।   

সাকিবের এসব মন্তব্যে চটেছে দেশের ক্রিকেট প্রশাসন। তাকে নিয়ে কঠোর সিদ্ধান্ত আসতে পারে বোর্ড সভার মাধ্যমে। গতকাল সন্ধ্যায় বিসিবি সভাপতির সঙ্গে মিটিংয়ের পর এমনটাই ইঙ্গিত দিয়েছেন ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

গতকাল বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সাকিবের আইপিএল খেলার ছাড়পত্র আটকে দিতে পারে বিসিবি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বোর্ড সভায়। 

টেস্ট খেলতে চাইলে আইপিএলের জন্য সাকিবকে দেওয়া ছাড়পত্র নিয়ে চিন্তা করবে বিসিবি। গতকাল আকরাম খান বলেছেন, ‘আমি হয়তো ওর (সাকিবের) চিঠি পড়ে ভুল বুঝতে পারি। আর ও যেহেতু টেস্ট খেলতে চাচ্ছে, ওর কথাতে বোঝা গেছে, তাই বোর্ডের সবার সঙ্গে আলাপ-আলোচনা করে সাকিবের এনওসির ব্যাপারে আমরা চিন্তা করব। ওর যদি আগ্রহ থাকে তাহলে সাকিব শ্রীলঙ্কা গিয়ে টেস্ট খেলবে।’  তার চিঠি পড়েননি জানিয়ে সাকিব সরাসরি অভিযোগ করেছিলেন আকরাম খানের বিরুদ্ধে। যা দেখে হতাশ, ক্ষুব্ধ আইসিসি ট্রফিজয়ী সাবেক এ অধিনায়ক। গতকাল তিনি বলেছেন, ‘আমরা যখন খেলতাম বোর্ডের চুক্তিতে থেকে ২০-৩০ হাজার টাকা পেতাম। কখনো বোর্ডের বিরুদ্ধে কথা বলিনি।’