ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে মাগুরায় ৫০ পরিবারকে উড়ো চিঠি!

আপডেট : ২১ মার্চ ২০২১, ২২:২১

মাগুরার শ্রীপুর উপজেলার চরগোয়ালদহ ও মালাইনগর গ্রামে ইসলাম ধর্ম গ্রহণ করার আহবান জানিয়ে ৫০টি সংখ্যালঘু পরিবারকে কে বা কারা উড়ো চিঠি  দিয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শুক্রবার রাতে মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত অবস্থায় অজ্ঞাত কে বা কারা ওই দুই গ্রামে এই চিঠি দিয়ে যায়।

খবর পেয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেছেন। পুলিশ চারজনকে আটক করেছে। এরা হলো স্থানীয় চৌগাছি গ্রামের মঞ্জু বিশ্বাসের ছেলে ইউসুফ (৩০), মহেশপুর গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে কুরবান (৩০), সাচিলাপুর গ্রামের আলীমুদ্দিনের ছেলে হাবিবুর রহমান ও অন্য অজ্ঞাতপরিচয়ের একজন। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

মাগুরা জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান এক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্জিত কুমার বিশ্বাস জানান, এ ঘটনার ব্যাপারে তারা সভা করেছেন। ২৫ মার্চ মাগুরা শহরে এ ঘটনার প্রতিবাদে সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হবে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জোর তদন্ত চলছে।