পি কে হালদারসহ ৩৭ জনের বিরুদ্ধে ৬ মামলা দায়ের

আপডেট : ২১ মার্চ ২০২১, ২২:২২

অস্তিত্বহীন কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে অবৈধভাবে ৪৩৪ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে) হালদার ও তার ৩৭ সহযোগীর বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাগুলো দায়ের করা হয়েছে। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে এই ছয়টি মামলা দায়ের করেছেন।

এর আগে অস্তিত্বহীন কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৮০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ৯ মার্চ দুদক পি কে হালদার ও তার ৩৭ সহযোগীর বিরুদ্ধে ১০টি মামলা অনুমোদন করে। ঐ ১০ মামলার মধ্যে গতকাল ছয়টি মামলা দায়ের হয়েছে। আজ সোমবার আরো চারটি মামলা দায়ের করা হবে বলে মামলার বাদী উপপ?রিচালক গুলশান আনোয়ার প্রধান জানিয়েছেন।

এই ১০ মামলার প্রতিটিতেই রিলায়েন্স লিজিং ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারকে আসামি করা হয়েছে। এছাড়া আসামিদের তালিকায় রয়েছেন দ্রিনান অ্যাপারেলসের চেয়ারম্যান কাজী মমরেজ মাহমুদ ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু রাজীব মারুফ, ইমেক্সোর প্রোপাইটর ইমাম হোসেন, লিপরো ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক উত্তম কুমার মিস্ত্রি, উইন্টেল ইন্টারন্যাশনাল লিমিটেডের দুই পরিচালক সুকুমার সাহা ও তার মেয়ে অনিন্দিতা সাহা, আর্থস্কোপ লিমিটেডের চেয়ারম্যান প্রশান্ত  দেউড়ি ও ব্যবস্থাপনা পরিচালক মিরা দেউড়ি, ওকায়ামা লিমিটেডের চেয়ারম্যান সুব্রত দাস, আরবি এন্টারপ্রাইজের মালিক রতন কুমার বিশ্বাস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের পরিচালক পাপিয়া ব্যানার্জী ও তার স্বামী পরিচালক বাসুদেব ব্যানার্জী, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেসের পরিচালক এম নূরুল আলম, পরিচালক মো. নওশের-উল ইসলাম, পরিচালক নাসিম আনোয়ার, পরিচালক মো. নুরুজ্জামান, পরিচালক এম এ হাশেম এবং অপর পরিচালক মোহাম্মদ আবুল হাসেম, পরিচালক জহিরুল আলমসহ ৩৭ জন।