স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ ফের বাড়ছে :স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২১ মার্চ ২০২১, ২২:৪৬

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। এ কারণে করোনা সংক্রমণ বাড়ছে। জনগণ সরকারকে সহযোগিতা না করলে দেশ করোনামুক্ত হবে না। গতকাল রবিবার দুপুরে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএসএমডি) নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক সময়ে করোনার সংক্রমণ বেড়ে যাওয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হঠাত্ করোনা বেড়ে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা গেছে। কারণ মানুষজন বেড়াতে যাচ্ছেন। কক্সবাজার, বান্দরবান যাচ্ছেন। বিয়ে, পিকনিক ও ওয়াজ মাহফিল হচ্ছে। গত ১৫ দিনে কক্সবাজারে প্রায় ২৫ লাখ মানুষ ভ্রমণের জন্য গেছেন। তাদের কেউই স্বাস্থ্যবিধি মানেনি, মাস্ক ব্যবহার করেনি। এসব কারণে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, আপনারা নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য স্বাস্থ্যবিধি মেনে কাজ করবেন।

এদিকে ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার পরবর্তী চালান আগামী ২৬শে মার্চ বা তার পর আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান। তিনি বলেন, ২৬শে মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসবেন, আমার মনে হয় তার সফরের পর মুহুূর্তে আমরা সিরাম ইনস্টিটিউট থেকে মার্চ মাসের চালানটি পাব। এদিকে আগামী ৮ এপ্রিল থেকে দেশে করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। গতকাল কেন্দ্রীয় ঔষধাগারের (সিএসএমডি) নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, করোনার টিকা নিলেও স্বাস্থ্যবিধি মানতে হবে।

ছুটির খবর সঠিক নয় :করোনার মহামারির প্রকোপ বেড়ে যাওয়ার কারণে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে উদ্ধৃত করে ‘সাত দিন সাধারণ ছুটি সংক্রান্ত’ খবরটি ভুয়া বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক জরুরি বার্তায় বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু টেলিভিশন চ্যানেলের স্ক্রলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের সাত দিন ছুটি-সংক্রান্ত একটি ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে। এই বক্তব্যটি সর্বাংশে মিথ্যা ও দুঃখজনক।