মিজোরামের সঙ্গে সরাসরি ব্যবসা-বাণিজ্যের অনেক সুযোগ রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না। সড়ক ও নৌ পথে এ ব্যবসা-বাণিজ্যের সুযোগ সৃষ্টি করা যেতে পারে।
গতকাল রবিবার সচিবালয়ে বাংলাদেশে সফররত ভারতের মিজোরাম রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বাণিজ্য এবং শিল্পমন্ত্রী ড. আর লালথাংলিয়ানার সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, মিজোরাম সরকার বাংলাদেশ ও মিজোরাম সীমান্তে বর্ডারহাট স্থাপন এবং স্থলবন্দর চালুর মাধ্যমে ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে চাচ্ছে। তারা বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহার করার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ ও মিজোরামের সীমান্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী বলেন, চলমান বর্ডারহাটগুলোতে বড় ধরনের বাণিজ্য না হলেও উভয় দেশের মানুষের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে। এ বর্ডার হাটের সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে আরো কয়েকটি বর্ডারহাট উদ্বোধন করা হবে।
মিজোরাম রাজ্যের বাণিজ্য এবং শিল্পমন্ত্রী বলেন, মিজোরাম বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধি করতে আগ্রহী। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছি। তিনি বলেন, বাংলাদেশ মিজোরাম সীমান্তে বর্ডারহাট স্থাপন ও সড়ক সেতু নির্মাণের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা যেতে পারে। এতে করে উভয় দেশের মানুষের যাতায়াত সহজ হবে।
