হঠাৎ আফগানিস্তান সফরে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী

আপডেট : ২১ মার্চ ২০২১, ২২:৫৯

কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ আফগানিস্তান সফরে গিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল লয়েড অস্টিন। আজ রবিবার (২১ মার্চ) স্থানীয় সময় সকালে তিনি কাবুলে অবতরণ করেন। এরপর দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন।

বিবিসির খবরে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহ পরই আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য পুরোপুরি প্রত্যাহার করার কথা রয়েছে। তার আগে হঠাৎ করেই বাইডেন প্রশাসনের শীর্ষ এই সামরিক কর্মকর্তা কাবুল সফর করলেন।

প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে সাক্ষাতের পর তিনি দেশটিতে চলমান যুদ্ধের (আফগান সরকার ও তালেবান) অবসানের আহ্বান জানিয়েছেন। তবে নির্দিষ্ট সময়সীমার ব্যাপারে কোনো কিছু জানাননি।

সমঝোতার মাধ্যমে সংঘাতের অবসান ঘটাতে উচ্চস্তরের সহিংসতা হ্রাস করার দিকেই মনোনিবেশ করা উচিত বলে এ সময় মন্তব্য করেন জেনারেল লয়েড অস্টিন।

এর আগে গত বছর যুক্তরাষ্ট্রের তৎকালীন ট্রাম্প প্রশাসন তালেবানদের সঙ্গে এই সমঝোতার (যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি) বিষয়ে একমত হতে পেরেছিল। তবে বিদ্রোহীরা আফগান সরকারের সঙ্গে সমঝোতার প্রতিশ্রুতি রক্ষা করেছে কিনা সে ব্যাপারে প্রশ্ন রয়েছে।

ওয়াশিংটনের তথ্যমতে, আফগানিস্তানে এখন পর্যন্ত তাদের আড়াই হাজার সেনা অবস্থান করছে।

ইত্তেফাক/টিএ