নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ছিলেন না। ব্যাটিংয়ে বড় নির্ভরতা রস টেলরও সাজঘরে দর্শক হয়ে বসেছিলেন। সুযোগটা কাজে লাগিয়ে নিউজিল্যান্ডের মাটিতে জয়ের খাতা খোলার আশায় ছিল বাংলাদেশ। কিন্তু ডানেডিনে বরং করুণ হারের তিক্ততা হজম করতে হয়েছে তামিম ইকবালের দলকে। ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়ে ৮ উইকেটের হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।
ডানেডিনে ওয়ানডে অভিষেক হওয়া অলরাউন্ডার মেহেদী হাসান বলছেন, একটা খারাপ দিন কেটেছে গোটা দলের। সেই হার ভুলে ঘুরে দাঁড়াতে মুখিয়ে বাংলাদেশ। গতকাল ডানেডিন ছেড়ে ক্রাইস্টচার্চে এসে পৌঁছেছে তামিম বাহিনী। হ্যাগলি ওভালে আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে সফরকারীরা। ম্যাচ শুরু হবে সকাল ৭টায়।
স্পিনিং অলরাউন্ডার মেহেদীর মতে, ডানেডিনে যতটা খারাপ পারফরম্যান্স দেখা গেছে, এতটা খারাপ নয় বাংলাদেশ দল। গতকাল তিনি বলেছেন, ‘আমাদের টিমটা আসলে এরকম না। ওটা একটা খারাপ দিন ছিল যে কেউ ভালো করতে পারেনি। তাই আমরা ভুলে যাচ্ছি। সামনে পরের ম্যাচ আছে ওইটার দিকে ফোকাস করতেছি। ইনশা আল্লাহ খুব ভালো হবে, আমাদের টিম কম্বিনেশন খুব ভালো আছে। টিম কন্বিনেশন অনুযায়ী পারফরম করলে ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে।’
নিজের অভিষেকটা রাঙাতে পারেননি মেহেদী। দলও হেরেছে বাজেভাবে। সবমিলিয়ে তার অভিষেক ম্লান হয়ে গেছে। ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় বলেই ছক্কা মেরেছিলেন তিনি। যদিও উইকেটে স্থায়ী হতে পারেননি।
মেহেদী বলেছেন, ‘একটা প্লেয়ারের অভিষেক ম্যাচটা সবসময় খুব স্মরণীয় হয়ে থাকে। এত বছর কষ্ট করে ক্রিকেট খেলতেছি, আন্তর্জাতিক ক্রিকেট প্রথম ওয়ানডে ম্যাচ, এটা অবশ্যই স্মরণীয় থাকবে। ম্যাচটা জিততে পারলে হয়তো বা আরো ভালো লাগত।’
ডানেডিনে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচটা একপেশে হয়ে গিয়েছিল। তবে পেসারদের বোলিং ভালো হয়েছে বলেই দাবি মেহেদীর। তিনি বলেন, ‘আমরা স্কোর বোর্ডে বড় রান দাঁড় করাতে পারি নাই। আমাদের পেস বোলাররা ভালোই বল করছে। তাসকিন মাশাল্লাহ খুব ভালো বল করেছে, খুব ভালো পেসে বল করেছে। হাসানও ভালো বল করছে, মুস্তাফিজও ভালো করছে।’
গতকাল ভ্রমণ করায় আর অনুশীলন করতে পারেননি ক্রিকেটাররা। ডানেডিন থেকে প্রায় ৫ ঘণ্টার ভ্রমণ শেষে বিকালে ক্রাইস্টচার্চের নভোটেল উঠেছে বাংলাদেশ দল। আজ অনুশীলনে নামবেন তামিম-মুশফিকরা। ২৬ মার্চ ওয়েলিংটনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/টিআর
