প্যাসিফিকের অপটিক্যাল ক্যাবল প্রকল্পে চীনা কোম্পানির বিড বাতিল

আপডেট : ২২ মার্চ ২০২১, ১৫:৪৪

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বা প্যাসিফিক দ্বীপপুঞ্জের সমুদ্রতলে অপটিক্যাল ক্যাবল বসানোর একটি বিড বা নিলাম বাতিল করে দেওয়া হয়েছে। একটি চীনা কোম্পানিসহ মোট তিনটি কোম্পানি বিডে অংশগ্রহণ করে, এর মধ্যে চীনা কোম্পানিটিই কম টাকায় কাজটি করতে আগ্রহ দেখিয়েছিল। বৃহস্পতিবার (১৮ মার্চ) এ খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম নিক্কেই এশিয়া।

খবরে বলা হয়েছে, প্যাসিফিকের মাইক্রোনেশিয়া, কিরিবাতি ও নাউরুকে যুক্ত করতে বিশ্ব ব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে এই ক্যাবল বসানোর কথা ছিল। সূত্র মতে, এ কাজের বাজেট ছিল সাড়ে পাঁচ কোটি ডলার।

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপান এই প্রকল্পটির নিরাপত্তা বিষয়ে উদ্বেগ উত্থাপন করে। তারা হুঁশিয়ারি দিয়ে বলে, চীনা সংস্থা যদি এটি তৈরি করে তবে চীন গুপ্তচরবৃত্তির জন্য এ অবকাঠামো ব্যবহার করতে পারে। 

গত বছর অনুষ্ঠিত এই বিডে চীনা সংস্থার বিড তাদের প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কম ছিল এবং তাদেরই কাজটি পাওয়ার কথা ছিল। এ বছর ফেব্রুয়ারিতে আগের বিড বাতিল করে দেওয়া হয় এবং দাতাসংস্থাগুলো বলে, সব দরদাতা প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারেনি। 

এই সিদ্ধান্তের পেছনের কারণ অস্পষ্টই রয়ে গেছে। ধারণা করা হচ্ছে, জাপান, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া চীনা কোম্পানিটিকে নিয়ে উদ্বিগ্ন ছিল এবং তারা এই বিড পুনর্বিবেচনা করতে বিশ্ব ব্যাংককে অনুরোধ জানায়।

ইত্তেফাক/এসএ