জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারি। অনুষ্ঠানে তিনি সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে আয়োজিত ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার সোমবার ষষ্ঠ দিনের অনুষ্ঠানের প্রতিপাদ্য ‘বাংলার মাটি আমার মাটি’। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বিদ্যমান কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আয়োজিত এ অনুষ্ঠানে সীমিত আকারে ৫০০ জন আমন্ত্রিত অতিথি উপস্থিত আছেন। অনুষ্ঠানের প্রথম পর্ব আলোচনা অনুষ্ঠান বিকাল সাড়ে ৪টা থেকে শুরু হয়েছে। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
এর আগে, সকাল ১১ টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিদ্যা দেবী ভাণ্ডারি। সোমবার সকাল ১০টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নেপালের রাষ্ট্রপতি। সেখানে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে বিদ্যা দেবী ভাণ্ডারীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। তাকে স্বাগত জানানো হয় ২১ বার তোপধ্বনি দিয়ে। নেপালের রাষ্ট্রপতিকে নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ অভ্যর্থনা মঞ্চে পৌঁছালে তিন বাহিনীর সুসজ্জিত একটি দল এ সময় গার্ড অব অনার দেয়।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, তিনবাহিনী প্রধান, আইজিপি এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
নেপালের কোনো রাষ্ট্রপতির এটাই প্রথম বাংলাদেশ সফর। সফরে তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব ছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন।
ইত্তেফাক/ইউবি
