গত ১৫ ফেব্রুয়ারি পরিচালক অনন্য মামুনের ‘মেকআপ’ ছবিটি হলে প্রদর্শনের অযোগ্য ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। কিন্তু প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও এ ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। কিন্তু এতেও সন্তুষ্ট নন পরিচালকসহ এই ছবির সাথে যুক্ত সব কলাকুশলীরা।
পরিচালক অনন্য মামুন ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘সেন্সর বোর্ড কেনো ‘মেকআপ’ ছবিটিকে সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির অযোগ্য ঘোষণা করলো, সেটা আমি জানি না। ছবির কোনো অংশে সমস্যা থাকলে তা সংশোধনী দিলে বলতে পারতাম।’

অনন্য মামুনের কথায়, ‘ছবিটি হলে মুক্তি দেওয়ার জন্য আমরা বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের কাছে মঙ্গলবার (২৩ মার্চ) আপিল করবো। আশা করি সেন্সর বোর্ড আমাদের আপিল বিবেচনায় নিবেন।’
সেলেব্রিটি প্রোডাকশনস প্রযোজিত এই ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়ক রোশান ও নবাগত নায়িকা নিপা আহমেদ রিয়েলি। ‘মেকআপ’ সিনেমার মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রীর। ‘মেকআপ’ ছবিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, কলকাতার পায়েল মুখার্জি প্রমুখ।

‘মেকআপ’ ছবিতে চলচ্চিত্র জগৎ, সিনেমা, নায়ক, নায়িকাদের গল্প তুলে ধরা হয়েছে। মুক্তির আগে গত শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে ২ ঘণ্টা ২৩ মিনিটের ছবি শেষ হতেই দর্শকেরা পরস্পরের সঙ্গে মতবিনিময় শুরু করেন।
ইত্তেফাক/বিএএফ

