কাল কাঠমান্ডুতে শুরু ত্রিদেশিয় টুর্নামেন্ট

দশরথের মাঠে দাঁড়িয়ে জেমির ভাবনা কাতারে 

আপডেট : ২২ মার্চ ২০২১, ২০:৩০

এই করোনা কালেই গত ডিসেম্বরে বাংলাদেশ ফুটবল দল দোহায় গিয়ে কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলে এসেছিল। করোনার মধ্যে কাল মঙ্গলবার  আবার বিদেশের মাটিতে ফুটবল লড়াই করতে নামছে। এবার মিশন নেপাল। ১১০ দিন পর আবার আন্তর্জাতিক ফুটবলে লড়াই করতে নামবে। 

তিনজাতির এই টুর্নামেন্ট মঙ্গলবার ( ২৩ মার্চ) নেপালের কাঠমান্ডুতে দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শুরু হবে। বাংলাদেশ, নেপাল ছাড়াও কিরগজিস্তানের (অনূর্ধ্ব-২৩) অলিম্পিক ফুটবল লড়াই করছে। আয়োজক নেপাল বলছে বিশ্বকাপ বাছাইয়ে চাইনিজ তাইপে, অস্ট্রেলিয়ার বিপক্ষে নেপালের ম্যাচ বাতিল হয়েছে। তাই খেলোয়াড়দের বসিয়ে না রেখে একটা আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করল নেপাল ফুটবল অ্যাসোসিশেয়ন।

মুখ রক্ষা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কারণ গত নভেম্বরে নেপাল ঢাকায় এসে বঙ্গবন্ধু ফিফা প্রীতি ম্যাচ সিরিজে খেলে গিয়েছিল। মুখে না বললেও সেটারই পাল্টা সিরিজ খেলছে নেপালে। আজ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ খেলবে কিরগিজস্তানের বিপক্ষে। 

নেপালের টুর্নামেন্ট, তবে বাংলাদেশের লক্ষ্য হচ্ছে কাতার। আগামী জুনে কাতারের বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সেটা লক্ষ্য রেখে কাঠমান্ডুতে দল গোছানোর কাজ করবেন ইংলিশ কোচ জেমি ডে। 

৫ নতুন মুখ নেয়া হয়েছে। ইনজুরি কাটিয়ে ফিরেছেন মাসুক মিয়া জনি, মতিন মিয়ার মতো একাধিক ফুটবলার। নতুন মুখের হাবিবুর রহমান সোহাগ, রিমন হোসেন, সুমন সহ একাধিক ফুটবলার সিনিয়রদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। গোলপোষ্টে আশরাফুল রানা, আনিসুর রহমান জিকো থাকলেও আবার ফেরার লড়াইয়ে আছেন শহিদুল আলম সোহেল। গোলকিপারদের নিয়ে কাজ করছেন বিশেষ কোচ লেস ক্লিবস। কোচ জেমি ডে একটা শক্ত একাদশ দাঁড় করাতে নেপালের মাঠে কাজ করেছেন। দশরথের মাঠে দাঁড়িয়ে জেমির ভাবনা কাতার। সেখানে খেলতে হবে ভারত, আফগানিস্তান এবং ওমানের বিপক্ষে। শক্ত প্রতিরোধ গড়ার প্রাথমিক কাজটা নেপালে এগিয়ে রাখছেন জেমি। দলের জন্য বাড়তি শক্তি, যোগ হয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। 

বাংলাদেশের প্রথম ম্যাচ কিরগজিস্তানের বিপক্ষে হলেও এই টুর্নামেন্টে মুল লড়াইটা হবে স্বাগতিক নেপালের বিপক্ষে। কাল যদি বাংলাদেশ জিতে যায় তাহলে টুর্নামেন্টের ফাইনালে এক পা এগিয়ে থাকবে বাংলাদেশ। ২৭ মার্চ নেপালের বিপক্ষে বাংলাদেশে আসল লড়াই। ২৯ মার্চ ফাইনাল। এরই মধ্যে ত্রিদেশিয় এই টুর্নামেন্ট নেপালের ফুটবল অঙ্গনে সাড়া ফেলেছে। করোনার মধ্যে ফুটবল উত্তেজনা ছড়াচ্ছে দশরথের নতুন সাজানো স্টেডিয়ামে।  

ইত্তেফাক/এসআই