বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দিন ................................ এমপি নিক্সন চৌধুরী

আপডেট : ২২ মার্চ ২০২১, ২১:২৬

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘স্ব স্ব এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। ব্যবসায়ীরা শুধু নিজেদের কথা চিন্তা করে ব্যবসা করলে চলবে না, নিজ এলাকার বেকার যুবকেরা যেন পথভ্রষ্ট না হয়, সেদিকে খেয়াল রেখে সব ব্যবসায়ী নেতা কাজ করবেন, এটাই আমি আশা করি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের সঙ্গে দক্ষিণবঙ্গকে উন্নয়ন দিয়ে আধুনিক করে তুলেছেন। পদ্মা সেতু, হাইওয়ে এক্সপ্রেস, রেল সংযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্র, পায়রা বন্দরসহ নানা অবকাঠামো তিনি বাস্তবায়ন করেছেন। এখন সময় এসেছে দেশ থেকে বেকারত্ব দূর করা। আপনারা যারা রাজধানীতে বড় বড় ব্যবসা করেন, তারা একটু এগিয়ে এলেই সমাজ থেকে বেকারত্ব দূর করা সম্ভব। ফরিদপুর অঞ্চলকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি আমি আছি আপনাদের সাথে।’ রবিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনের ভিক্টোরিয়া হোটেলে আয়োজিত ঢাকাস্থ ভাঙ্গা উপজেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকাস্থ ভাঙ্গা উপজেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এম এম বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মেজর প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হাফছা বেগম উপসচিব মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, ফরিদপুর জেলা পরিষদের সদস্য দেলায়ার হোসেন, ঢাকাস্থ ভাঙ্গা উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ।