জনবল সংকটে চিকিত্সা সেবা ব্যাহত

আপডেট : ২২ মার্চ ২০২১, ২১:২৬

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মো. মিজানুর রহমান, কুমিল্লা সদর দক্ষিণ সংবাদদাতা

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সকসহ জনবল সংকটে ব্যাহত হচ্ছে হাসপাতালের সেবা কার্যক্রম।

হাসপাতাল সূত্র জানায়, ৩১ শয্যার এ হাসপাতালে চিকিত্সক, মেডিক্যাল টেকনোলজিস্ট, স্বাস্থ্য সহকারী, অ্যাম্বুলেন্সের চালক, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর ১৪৮টি পদের মধ্যে ৪৩টি পদ শূন্য রয়েছে।

হাসপাতালের অরগানো-গ্রাম অনুযায়ী প্রথম শ্রেণির চিকিত্সকের পদ ১১টি। এর মধ্যে দুটি শূন্য। ফার্মাসিস্ট পদ একটি শূন্য। মেডিক্যাল টেকনোলজি পদ চারটি। এর মধ্যে তিনটি পদ শূন্য রয়েছে। স্বাস্থ্য সহকারীর পদ রয়েছে ৪০টি। এর মধ্যে ২০টি পদ শূন্য রয়েছে। ২০২০ সালে অ্যাম্বুলেন্স বরাদ্দ পেলেও অ্যাম্বুলেন্সের চালকের পদটি শূন্য রয়েছে। কুক পদ দুটি শূন্য। সুইপার ও ঝাড়ুদারের পদ পাঁচটি। এর মধ্যে তিনটি পদ শূন্য রয়েছে।

সূত্র জানায়, কার্যক্রম শুরুর পর এক যুগ পার হলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে এখনো অন্তঃবিভাগ চালু হয়নি। যার ফলে উপজেলার সাতটি ইউনিয়নের প্রায় ৩ লক্ষাধিক বাসিন্দা চিকিত্সাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয়রা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী উপজেলার শ্রীমন্তপুর এলাকায় অবস্থিত স্বাস্থ্য কমপ্লেক্সটি পূর্ণাঙ্গরূপে চালু করা হলে মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিত্সাসেবা প্রদান করা সম্ভব হবে।

হাসপাতাল সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত (১ বছর ২ মাসে) ১ হাজার ৬২৪ জন রোগী এবং ৫৫ হাজার ১৪০ জন রোগী বহির্বিভাগ থেকে চিকিত্সাসেবা গ্রহণ করেছেন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মোহাম্মদ আশরাফুর রহমান ইত্তেফাককে জানান, তিনি স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৩১ শয্যা হাসপাতালের অন্তঃবিভাগ চালুকরণ ও ৫০ শয্যার জনবল এবং প্রশাসনিক অনুমোদনের অপেক্ষায় রয়েছেন।