ছোট উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও ডিসিসিআই

আপডেট : ২২ মার্চ ২০২১, ২১:২৯

ইত্তেফাক রিপোর্ট

ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের উন্নয়নে একযোগে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)। এ লক্ষ্যে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, পণ্যের মানোন্নয়ন, পণ্য ও সেবার প্রসারসহ নতুন ধারণা ও প্রযুক্তি নিয়ে সহযোগিতা বিনিময় করবে উভয়পক্ষ। এছাড়া এসএমই উদ্যোক্তাদের অর্থায়ন সংক্রান্ত বাধা দূর করতেও একসঙ্গে কাজ করবে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে এসএমই ফাউন্ডেশনের নতুন কার্যালয়ে ডিসিসিআই নেতৃবৃন্দের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মো. মাসুদুর রহমান এবং ডিসিসিআইর সভাপতি রিজওয়ান রাহমান ছাড়াও উভয় পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ডিসিসিআইয়ের ১০৭ জন সদস্য সরকার ঘোষিত প্রণোদনার অর্থ পাননি। এসএমই ফাউন্ডেশনের ৩০০ কোটি টাকার প্রণোদনা তহবিল হতে এসব উদ্যোক্তাকে অর্থায়নের উপায় নিয়েও আলোচনা হয় বলে বৈঠক সূত্র জানায়।

সভায় উপস্থিত ছিলেন ডিসিসিআইর পরিচালক রাশেদুল করিম মুন্না। তিনি এসএমই ফাউন্ডেশনেরও পরিচালক। সভা শেষে ইত্তেফাককে তিনি বলেন, এসএমই ফাউন্ডেশন ও ডিসিসিআই - উভয় প্রতিষ্ঠানই এসএমই উদ্যোক্তাদের নিয়ে কাজ করে। এক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্র কীভাবে আরো সম্প্রসারণ করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া উদ্যোক্তাদের উন্নয়নের লক্ষ্যে আগামী এক বছরের জন্য একটি অ্যাকশন প্ল্যান নিয়ে আলোচনা হয়েছে।