ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের লেনদেন গতকাল সোমবার শুরু হয়েছে। লেনদেন শুরুর প্রথমদিনেই ‘টপগেইনারের’ তালিকায় উঠে আসে ব্যাংকটির নাম। দিনশেষে ব্যাংকটির শেয়ারমূল্য ৩২ শতাংশ বেড়েছে। গড়ে ১৩ টাকা ২০ পয়সা মূল্যে উভয় স্টক এক্সচেঞ্জে প্রায় ৪ কোটি শেয়ার লেনদেন হয়েছে। দীর্ঘ ১২ বছর পর কোনো ব্যাংক বাজারের তালিকাভুক্ত হয়ে লেনদেন শুরু করল।
গতকাল সোমবার সকালে রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঘণ্টা বাজিয়ে লেনদেন শুরু করা হয়। এ উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ইউনুসুর রহমান, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারী, ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল, পরিচালক এ এম সাইদুর রহমান, স্বতন্ত্র পরিচালক এয়ার চিফ মার্শাল (অব.) আবু এশরার, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মুখতার হোসেনসহ উভয় প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
