বিবিসি
কঙ্গো-ব্রাজাভিলের প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রধান প্রার্থী গাই ব্রাইস পারফাইট কোলেলাস কোভিড-১৯ আক্রান্ত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে মারা গেছেন। রবিবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট চলাকালে বিকালে কোলেলাস একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে ফ্রান্সে যাওয়ার পথে মারা যান তিনি।
৬১ বছর বয়সি কোলেলাস কঙ্গো-ব্রাজাভিলের প্রেসিডেন্ট সাসৌ এনগুয়েসোর বিরুদ্ধে দাঁড়ানো ছয় প্রার্থীর একজন ছিলেন। তার নির্বাচনি প্রচার পরিচালক বলেছেন, ‘ঐদিন বিকালে তাকে ব্রাজাভিল থেকে নিয়ে যাওয়ার জন্য আসা মেডিক্যাল বিমানের ভেতরেই তার মৃত্যু হয়।’ নির্বাচনি প্রচারের শেষ দিন শুক্রবার পরীক্ষায় তার করোনা ভাইরাস ধরা পড়েছিল। ডায়াবেটিকেও আক্রান্ত ছিলেন তিনি। পর্যবেক্ষকরা জানিয়েছেন, নির্বাচন শান্তিপূর্ণ হলেও ভোটারদের উপস্থিতি কম ছিল। বিভিন্ন সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, নির্বাচনের একদিন আগে গ্রহণ করা ফুটেজে কোলেলাসকে অত্যন্ত দুর্বল দেখাচ্ছিল, ঐ সময় তিনি অক্সিজেন মাস্ক পরা থাকলেও ভোটারদের ভোট দিতে যাওয়ার জন্য উত্সাহিত করেছিলেন।
