গুপ্তচরবৃত্তির অভিযোগ
বিবিসি
চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক কানাডীয় নাগরিক মাইকেল কোভরিগের বিচার বেইজিংয়ে শুরু হয়েছে। একই অভিযোগে গত শুক্রবার আরেক কানাডীয় নাগরিক মাইকেল স্পাভোরের বিচার শুরু হওয়ার পর কোভরিগের মামলার শুনানি গতকাল সোমবার শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের অনুরোধে কানাডা হুয়াওয়ের প্রতিষ্ঠাতার মেয়েকে আটকের জবাবে দুই বছর আগে চীন গুপ্তচরবৃত্তির অভিযোগে ঐ দুই জনকে আটক করে। আটক হওয়া কানাডীয় নাগরিক মাইকেল কোভরিগ একজন সাবেক কূটনীতিক আর তিনি থিংকট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের হয়ে কাজ করেন। আর মাইকেল স্পাভোর একজন ব্যবসায়ী। ২০১৮ সাল থেকেই চীনের কারাগারে রয়েছেন তারা। আর দোষী প্রমাণিত হলে আরো দীর্ঘ সময় বন্দি থাকতে হবে তাদের। এই দুই জনকে আটকের পর দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। বেইজিংয়ের বিরুদ্ধে জিম্মি কূটনৈতিকতা চালানোর অভিযোগ তোলে অটোয়া। গতকাল সোমবার মাইকেল কোভরিগের বিচার চলার সময় বেইজিংয়ের আদালত এলাকা ঘিরে ফেলে পুলিশ। অন্য আন্তর্জাতিক কূটনীতিকেরা আদালতে যেতে চাইলেও তাদের আদালতে যেতে না দিয়ে ফেরত পাঠানো হয়। বেইজিংয়ে কানাডীয় দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জিম নিকেল জানান, কূটনীতিকদের সেখানে যেতে দেওয়া হয়নি। তিনি বলেন, ‘আমরা প্রবেশের সুযোগ না পেয়ে এবং আইনি প্রক্রিয়ার স্বচ্ছতার অভাবে খুবই সমস্যা বোধ করছি।’
