মহাসড়কগুলোর অনেক স্পিডব্রেকারে যথাযথ সংকেত নেই। উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়ের রাস্তাগুলোর স্পিডব্রেকারে কোনো রং বা সংকেত ব্যবহার করা হয় না বললেই চলে। এছাড়া গ্রামের রাস্তাগুলোতে অনেকে নিজেদের খেয়ালখুশিমতো স্পিডব্রেকার তৈরি করে যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি করে। খেয়ালখুশিমতো তৈরি করা স্পিডব্রেকারগুলো প্রয়োজনের চেয়ে উঁচু হয়। এতে গাড়ির ক্ষতি হওয়াসহ মানুষও শাীরিরক ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। নতুন রাস্তা মেরামত করার সময়ও স্থানীয় প্রভাবশালীরা নিজ নিজ বাড়ির সামনে স্পিডব্রেকার দিতে বাধ্য করে। কোনো সংকেত বা রং না থাকায় চলন্ত অবস্থায় চালকরা স্পিডব্রেকার বুঝতে পারে না। আবার দূর থেকে আসা চালকরা রাস্তা অপরিচিত হওয়ায় কোথায় স্পিডব্রেকার আছে তা না জানায় প্রতিদিন ছোটখাটো থেকে শুরু করে বড় দুর্ঘটনাও ঘটছে। অনাকাঙ্ক্ষিত এসব দুর্ঘটনা রোধে অপ্রয়োজনীয় স্পিডব্রেকারগুলো তুলে নিয়ে প্রয়োজনীয় স্থানে যথাযথ সংকেত ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মোশারেফ হোসেন
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
