নারায়ণগঞ্জে করোনার বিস্তার বিকল পিসিআর মেশিন

আপডেট : ২২ মার্চ ২০২১, ২২:০৭

হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ

মরণঘাতী করোনা ভাইরাসে নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। তারপরও নারায়ণগঞ্জবাসীর মধ্যে নেই কোনো স্বাস্থ্য সচেতনতা। মাস্ক ছাড়া শহরের সর্বত্র চলাফেরা করছে নগরবাসী। গত রবিবার নারায়ণগঞ্জ পুলিশ জেলার সর্বত্র স্বাস্থ্য সচেনতা বৃদ্ধিতে কাজ শুরু করলেও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান এখনো নীরব রয়েছে। বিয়েশাদি থেকে শুরু করে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান চলছে স্বাস্থ্যবিধি না মেনেই। গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৫ জন আক্রান্ত হয়েছে। যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৩৭৩ জনে। তবে নতুন করে কোনো মৃত্যু নেই। মৃত্যুর সংখ্যা ১৬৪ জনেই আছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ হাজার ৮০৮ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৪২ জনের। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৮১ হাজার ৭০৭ জনের।

গতকাল সোমবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। গত রবিবার এই আক্রান্তের সংখ্যা ছিল ৪৩ জন। এদিকে জানা গেছে, গতকাল সোমবার বন্দরে আরো এক মহিলা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

এদিকে গত এক সপ্তাহ যাবত্ নারায়ণগঞ্জে আবারো আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত এক সপ্তাহেই প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা অর্ধশত ছাড়িয়ে গেছে। আর এরই মধ্যে নারায়ণগঞ্জ কোভিড হাসপাতালের পিসিআর (পলিমারেজ চেইন রিয়েকশন) মেশিনটি বিকল হয়ে পড়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.আবুল বাসার। পাশাপাশি জেলা সিভিল সার্জনের অধীনে বিদেশ গমনকারী যাত্রীদের করোনা পরীক্ষা আজ মঙ্গলবার থেকে বন্ধ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ করোনা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাসার জানিয়েছেন, ‘গতকাল সোমবার সকালে করোনা হাসপাতালের পিসিআর মেশিনটি (শাট ডাউন) বিকল হয়ে গেছে। এ নিয়ে জেলা করোনা সমন্বয় কমিটির কর্মকর্তাদের নিয়ে আমরা জরুরি বৈঠক করেছি। ইতিমধ্যেই ঢাকা থেকে টেকনিশিয়ান দল নারায়ণগঞ্জে এসেছে। আগামী কয়েক দিনের মধ্যে নতুন মেশিন প্রেরণ করার ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছি।’ জেলা করোনা সমন্বয় কমিটির ফোকাল পারসন ডা. সফরদার জাহিদ জানিয়েছেন, নারায়ণগঞ্জের পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে নতুন বা অন্য একটি মেশিন রিপলেস করার আশ্বাস দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানিয়েছেন, করোনা হাসপাতালের ল্যাবের পিসিআর মেশিন বিকল হয়ে যাওয়ার ঘটনাটি দুঃখজনকই নয়, নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যেই সরকারের সব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলেছি, লিখিত দিয়েছি। আশা করছি, এই সমস্যা সাময়িক এবং খুব শিগিগরই আমরা করোনা মোকাবিলায় স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে আসব। ’