নারী পুলিশ নিয়োগে নেওয়া হবে পৃথক ব্যবস্থা :আইজিপি

আপডেট : ২২ মার্চ ২০২১, ২২:০৭

ইত্তেফাক রিপোর্ট

পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘নারী পুলিশ কর্মকর্তা নিয়োগে আলাদা ব্যবস্থা নেওয়া হবে। এখন থেকে পুলিশে নিয়োগের সংখ্যা নয়, যোগ্যতা নিশ্চিত করা হবে। আমরা রিক্রুটমেন্ট রুলস (নিয়োগবিধি) পরিবর্তন করার চেষ্টা করছি। মাস খানেকের মধ্যে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যায়ে পরিবর্তনগুলো চূড়ান্ত হয়ে যাবে। গতকাল বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ‘জেন্ডার রেসপন্সিবল পুলিশিং : অ্যান অ্যাপ্রোচ অব বাংলাদেশ পুলিশ’ শীর্ষক বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) আয়োজিত অনুষ্ঠান ও কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপনের অংশ হিসেবে ইউএনডিপির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইজিপি বলেন, ‘বঙ্গবন্ধুর দূরদর্শী উদ্যোগের ফলে ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে সর্বপ্রথম ছয় জন নারী পুলিশ সদস্য যোগদান করেন। বর্তমানে বাংলাদেশ পুলিশে নারী পুলিশ সদস্যের সংখ্যা ১৫ হাজারের বেশি। এ সংখ্যা আমাদের মোট পুলিশ জনবলের শতকরা ৭.৫ ভাগ, যা আনুপাতিক হারে জাপান পুলিশের নারী সদস্যদের সমান। ২০১৫-এর মধ্যে ১১ শতাংশ করতে চেয়েছিলাম, হয়নি। তবে শিগিগরই তা হবে।

স্কুলে স্কুলে গিয়ে মেয়েদেরকে উত্সাহিত করতে হবে, যাতে তারা পুলিশে যোগ দিতে আগ্রহী হয়। বাংলাদেশ পুলিশে আরো বেশি নারী পুলিশ নেওয়ার মাধ্যমে পুলিশের নারীবান্ধব সেবা প্রদানের সক্ষমতা বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।