ইত্তেফাক রিপোর্ট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর আচারের দুইটি বয়াম থেকে ৯৮৮৫ টি ইয়াবা উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এ ঘটনায় সৌদি আরব গমনেচ্ছুক যাত্রী রাকিব হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল বলেন, শাহজালাল বিমানবন্দরের বহির্গমন টার্মিনাল থেকে রবিবার রাত সাড়ে ৩টার দিকে রাকিব হোসেন নামে এক যাত্রীকে আটক করা হয়। গালফ এয়ারের (জিএফ-২৫১) একটি ফ্লাইটযোগে ঢাকা থেকে ভোরে বাহারাইন হয়ে সৌদি আরব যাওয়ার কথা ছিল তার। আটককৃত রাকিব আন্তর্জাতিক বহির্গমন টার্মিনালে এলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে চ্যালেঞ্জ করে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা। এ সময় তেঁতুলের আচারের দুটি বড় বয়ামে ৯৮৮৫ পিস ইয়াবা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রী রাকিব পুলিশকে জানায়, একটি ট্রাভেল এজেন্সির নাজমুল নামের এক ব্যক্তি তাকে ইয়াবাসহ আচারের দুইটি বয়াম দিয়েছে। পরে রাকিব ও নাজমুলসহ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।
