সেপটিক ট্যাংকে শিশুর লাশ

আপডেট : ২২ মার্চ ২০২১, ২২:০৮

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে টয়লেটের পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে তিন বছর বয়সি শান্ত নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সদর উপজেলার বাঘেরবাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত শান্ত ময়মনসিংহের গফরগাঁও থানার উত্তর নয়াপাড়া এলাকার সাদেক আলীর ছেলে। সপরিবারে সাদেক আলী বাঘেরবাজার এলাকায় ভাড়া থেকে চটপটি বিক্রি করেন। জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মামুন আল রশীদ জানান, রবিবার বিকালে শান্তকে বাড়িতে রেখে তার মা পাশের এক প্রতিবেশীর বাসায় যান। পরে বাড়িতে ফিরে শান্তকে না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে মাইকিং করেও তাকে না পেয়ে জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেন। পরদিন গতকাল এলাকাবাসী ও নিহতের স্বজনরা একপর্যায়ে বাড়ির পাশে টয়লেটের একটি সেফটি ট্যাংকে শান্তর লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে  মর্গে পাঠায়। ওসি আরো জানান, শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—শিশুটি খেলতে গিয়ে পড়ে মারা যেতে পারে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।