নোয়াগাঁওয়ে হামলা মামলায় আটকদের রিমান্ডের শুনানি আজ

আপডেট : ২২ মার্চ ২০২১, ২২:২৯

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের ওপর হামলা লুটপাট ও ভাঙচুরের মামলায় গ্রেফতারকৃত প্রধান আসামি দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়ন পরিষদের সদস্য যুবলীগ নেতা শহিদুল ইসলাম স্বাধীনসহ ৩০ জনের রিমান্ড শুনানি হবে আজ। গতকাল সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জে কোর্ট ইন্সপেক্টর সেলিম নেওয়াজ। তিনি জানান, ‘আসামিদের রিমান্ডের আবেদন করা হলে আমলগ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যামকান্ত সিনহা আগামীকাল মঙ্গলবার (আজ) রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।’

এদিকে সংখ্যালঘুদের বাড়িঘর, মন্দির ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে গতকালও  দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ, বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। খাগড়াছড়ি           প্রতিনিধি জানান, অপরাধীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে খাগড়াছড়িতে সনাতন সমাজকল্যাণ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে  জেলা শহরের শাপলা চত্বর প্রাঙ্গণে সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট বিধান কানুনগো।

ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা জানান,  বেলা ১১টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পূজা উদ্যাপন পরিষদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রফেসর ড. তপন কুমার জোদ্দার প্রমুখ বক্তব্য রাখেন।

চাটমোহর (পাবনা ) সংবাদাতা জানান, সকালে পৌর শহরের দোলাবেদিতলা মোড়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে উপজেলা ও পৌর পূজা উদ্যাপন পরিষদ। বক্তারা হিন্দু পল্লিতে হামলা-ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।