ভারতের গান্ধী পুরস্কারে ভূষিত বঙ্গবন্ধু

আপডেট : ২২ মার্চ ২০২১, ২২:৩৩

আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গতকাল সোমবার ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, এই পুরস্কারের জন্য ১ কোটি রুপি, একটি পদক ও একটি ঐতিহ্যবাহী হস্তশিল্প দেওয়া হবে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২৬ মার্চ ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সফরের আগে এই ঘোষণা এসেছে।

বিবৃতিতে বলা হয়, গত ১৯ মার্চ অনুষ্ঠিত সভায় এই পুরস্কারের জুরি বোর্ড ‘সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালের জন্য সর্বসম্মতিক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কারের জন্য নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে। এবারের গান্ধী শান্তি পুরস্কারের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার অনুপ্রেরণা, একটি জাতির স্থিতিশীলতা, ভারত ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি স্থাপন এবং শান্তির বাণী প্রচারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপরিসীম ও অতুলনীয় অবদানকে স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশ যখন মুজিববর্ষ উদ্যাপন করছে, ভারত সরকার তখন তার অবদানের স্বীকৃতি দিতে পেরে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে সম্মানিত বোধ করছে। মহাত্মা গান্ধীর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ১৯৯৫ সাল থেকে ভারত সরকার প্রতি বছর গান্ধী শান্তি পুরস্কার দিয়ে আসছে। গান্ধীর অহিংস নীতি পালন এবং সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনে অসামান্য অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়। এবার দুই বছরের পুরস্কার একই সঙ্গে ঘোষণা করা হয়েছে। ২০১৯ সালের গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন ওমানের প্রয়াত সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদ।  আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কারের জুরি বোর্ডে সভাপতিত্ব করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, মানবাধিকার ও স্বাধীনতার চ্যাম্পিয়ন ছিলেন বঙ্গবন্ধু। তিনি ভারতীয়দের কাছেও একজন নায়ক। বঙ্গবন্ধুর উত্তরাধিকার ও অনুপ্রেরণা দুই দেশের ঐতিহ্য ও সম্পর্ককে শক্ত করেছে। তার দেখানো পথ দুই দেশের বন্ধুত্ব, উন্নয়ন, সমৃদ্ধি ও অংশীদারির ভিত্তিকে আরো শক্তিশালী করেছে। এখন পর্যন্ত আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কারে যারা ভূষিত হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন তানজানিয়ার সাবেক প্রেসিডেন্ট জুলিয়াস নায়ারে, দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা, বাংলাদেশের গ্রামীণ ব্যাংক, দক্ষিণ আফ্রিকান ধর্মযাজক ও অধিকার আন্দোলনকর্মী ডেসমন্ড টুটু প্রমুখ।