ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম বাংলাদেশ বলেছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদ্যাপনে মোদি আসুক সেটা তারা চায় না। তবে হেফাজতের পক্ষ থেকে রাজপথে কোনো মিছিল বা সরাসরি সংঘাতমূলক পদক্ষেপ নেওয়া হবে না। গতকাল সোমবার সকালে ঢাকা মহানগর হেফাজতে ইসলামের পক্ষ থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে হেফাজত নেতারা এ কথা বলেন। হেফাজাতের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা শাইখুল হাদিস মামুনুল হক ছাড়াও হেফাজত মহাসচিব মাওলানা নূরুল ইসলাম, ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবীব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আতাউল্লাহ আমিন উপস্থিত ছিলেন।
এছাড়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবীব আরো বলেন, সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের ওপর যে জঘন্য হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে হেফাজত তাত্ক্ষণিক এর নিন্দা জানিয়েছে এবং আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই বর্বরোচিত ঘটনার সঙ্গে হেফাজতে ইসলাম বা মাওলানা মামুনুল হকের দূরতম কোনো সম্পৃক্ততাও নেই।
