ঢাকার নবাবগঞ্জে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) নামক এনজিওর নিখোঁজ দুই কর্মকর্তা রাজিবুল ইসলাম (২৯) ও অভিজিত্ মালোর (২৮) লাশ উদ্ধার করেছে ঢাকা জেলা পুলিশ ও ঢাকা উত্তর ডিবি পুলিশের বিশেষ দল। এনজিও কর্মকর্তাদের খুন করে লাশ গুম করার অভিযোগে জনি (২৫), ইউসুফ আলী (৩২), মনির হোসেন (৩০) নামে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলার চুড়াইন ইউনিয়নের দুর্গাপুর এলাকায় ইউসুফ আলীর মুরগির খামারসংলগ্ন ইছামতি নদীর পাড়ের মাটির নিচ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহত এনজিও কর্মকর্তা রাজিবুল ইসলাম ফরিদপুর জেলার গৌরীপুর এলাকার গোলাম সারোয়ারের ছেলে, অভিজিত্ মালো একই জেলার নগরকান্দা উপজেলার আজিজা গ্রামের রণজিত্ মালোর ছেলে। তারা এসডিসির চুড়াইন তালতলা শাখার মাঠ কর্মকর্তা ছিলেন।
গ্রেফতারকৃত জনি উপজেলার চুড়াইন ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মুকলেছুর রহমানের ছেলে, ইউসূফ আলী একই এলাকার আনিস মেম্বারের ছেলে, মনির হোসেন ঐ এলাকার আইয়ুব আলীর ছেলে।
