নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে প্রযোজক ইকবাল হোসেনের বিরুদ্ধে গুলশান থানায় জিডি করেছেন। তার অভিযোগ, প্রযোজক ইকবাল তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।
জিডির বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার উপ-পরিদর্শক অমিত জানান, রবিবার (২১ মার্চ) রাতে জিডি হয়েছে। যার নম্বর ১৪০৬।
ফিল্ম ক্লাবের বর্তমান সভাপতি ওমর সানী জিডিতে উল্লেখ করেন, রবিবার (২১ মার্চ) রাত ১০টার দিকে ক্লাবের সদস্য ইকবাল সামান্য নাস্তা নিয়ে ক্লাব কর্মচারীর সঙ্গে অপ্রীতিকর ঘটনা শুরু করে। আমাকে গালাগাল এবং জীবন নাশের হুমকি দেয়।
তবে সোমবার (২২ মার্চ) নিজের ফেসবুকে এক ভিডিও বার্তায় ওমর সানী তার জিডিতে যা উল্লেখ করেছেন তা মিথ্যা এবং ভিত্তিহীন বলে জানান ইকবাল।
ফিল্ম ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চলচ্চিত্র প্রযোজক ইকবাল ‘শুটার’, ‘পাসওয়ার্ড’, ‘বীর’ সহ বেশ কিছু সিনেমা প্রযোজনা করেছেন তিনি। ইকবাল ফিল্ম ক্লাবের আজীবন সদস্য। অন্যদিকে, ফিল্ম ক্লাবের ২০২১ সালের নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন ওমর সানী।
ইত্তেফাক/এমআর
