প্রায় আড়াই বছর পর বৈঠকে ভারত-পাকিস্তান

আপডেট : ২৩ মার্চ ২০২১, ১৮:০১

‘সিন্ধু পানিবণ্টন চুক্তি’কে কেন্দ্র করে প্রায় আড়াই বছর পর বৈঠকে বসছে ভারত ও পাকিস্তান। মঙ্গলবার (২৩ মার্চ) এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। বৈঠকে অংশ নিতে সাত সদস্যের এক পাকিস্তানি দল সোমবার (২২ মার্চ) নয়াদিল্লিতে পৌঁছেছে। আজ থেকে দু'দিন ব্যাপী এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। 

খবরে বলা হয়, পাকিস্তানি দলের নেতৃত্বে আছেন সেদেশের সিন্ধু কমিশনার সৈয়দ মুহাম্মদ মেহের আলি। ভারতীয় সিন্ধু কমিশন টিমকে নেতৃত্ব দেবেন পি কে সাক্সেনা। তার সঙ্গে বৈঠকে থাকবেন সেন্ট্রাল ওয়াটার কমিশনের উপদেষ্টা, সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি ও ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের শীর্ষ কর্মকর্তারা। 

১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘সিন্ধু পানি চুক্তি’ হয়। দুই দেশের মধ্য দিয়ে অভিন্নভাবে প্রবাহিত নদীগুলোর পানিবণ্টন নিয়ে দ্বন্দের অবসানে ওই বছর গঠন করা হয় ‘স্থায়ী সিন্ধু কমিশন’। 

চুক্তি অনুযায়ী, দু’দেশের প্রতিনিধিদের পানিবণ্টন নিয়ে আলোচনার জন্য বছরে অন্তত একবার বৈঠক করার কথা থাকলেও গত কয়েক বছরে তা হয়নি। সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে শেষবার দুই দেশ বৈঠকে বসেছিল ২০১৮ সালের আগষ্ট মাসে।

২০১৯ সালে সংবিধানের ৩৭০ নং অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জম্মু-কাশ্মীরের ওপর থেকে বিশেষ সুবিধা তুলে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক দেশ অন্য দেশ থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেয়।

ইত্তেফাক/এসএ