রসায়নের মজার ম্যাজিক

আপডেট : ২৩ মার্চ ২০২১, ১৮:৫৯

জ্যোতিষ চন্দ্র রায়, সহকারী শিক্ষক

তালুক শাখাতী উচ্চ বিদ্যালয় , কালীগঞ্জ

 

 

 

শিখে নিন রঙে রঙিন দুধের ম্যাজিক

 

এক বাটি দুধের মাঝে কয়েক ফোঁটা রঙ ফেলে দিলে কী হবে? কী আর হবে, রঙটা ছড়িয়ে গিয়ে দুধটা রঙিন হয়ে উঠবে। আচ্ছা,যদি রঙটা ছড়িয়ে না গিয়ে বরং সুন্দর একটা মোজাইকের মতন নকশা তৈরি করে? এক বাটি দুধের মাঝে আপনি একের পর এক রঙ দিয়ে যাচ্ছেন, আর আপনা আপনি তৈরি হয়ে যাচ্ছে অপূর্ব একটি নকশা। কী চমত্কার তাই না? শিখে নিন এই ছোট্ট ম্যাজিকটি, যা দেখিয়ে তাক লাগিয়ে দিতে পারবেন সবাইকে! বলাই বাহুল্য পুরোটাই হচ্ছে বিজ্ঞানের খেলা।

বিজ্ঞান মানেই কি কেবল ভারী ভারী বইয়ের মাঝে থাকা দুর্বোধ্য সব নিয়মনীতি? নাকি বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা মানেই শুধু ফিটফাট ল্যাবরেটরি আর বোতলে বোতলে ভরা সব রাসায়নিক কোনটাই নয়! একদম সাধারণ কিছু উপাদান দিয়ে আপনি নিজেই তৈরি করতে পারবেন মজাদার একেকটি বৈজ্ঞানিক পরীক্ষা। আর এই কাজটি করার জন্য কোনো ল্যাবরেটরির প্রয়োজন হবে না, আপনার নিজের রান্নাঘরটিই যথেষ্ট! আসুন, আজ  দেখে নেওয়া যাক দুধ দিয়ে মজাদার একটি ম্যাজিক।

যা যা লাগবে: উপকরণ:একটা বাটি,

ভালো মানের ফুড কালার (বেশ কয়েকটা রঙ থাকলে ভালো হয়)

* এক কাপ খাঁটি দুধ (পূর্ণননী যুক্ত)

* বাসনপত্র মাজার তরল সাবান

যা করতে হবে: ১) দুধটুকু বাটিতে ঢেলে নিতে হবে। খুব বেশি লাগবে না, বাটিতে দুধের একটা স্তর থাকলেই চলবে।

২) এবার প্রতিটি রঙ  থেকে ৬/৭ ফোঁটা করে নিন ও সাথে ৫/৬ ফোঁটা করে তরল সাবান মিশিয়ে নিন।

৩) তারপর নিজের ইচ্ছা মতো দুধের বিভিন্নস্থানে এই সাবান মেশানো রঙ ফোঁটায় ফোঁটায় প্রয়োগ করুন। একটু ফাঁক ফাঁক রেখে দিলে ভালো। তাতে নকশা সুন্দর হবে। এবার দেখুনতো, রঙগুলো মোটেও মিশে যাচ্ছে না একে অন্যের সাথে। বরং কী সুন্দর সব নকশা তৈরি করছে।

ব্যাখ্যা:মজার এই এক্সপেরিমেন্ট কীভাবে করতে হয় তাতো জানলেন, এবার এর কারণটা জানতে মন চাইছে না? এই এক্সপেরিমেন্টে দুধ এবং তরল সাবান কেন ব্যবহার করা হয় বলুনতো? দুধের  ভেতরে আছে ফ্যাট বা চর্বির কণা। আর সাবানের একটি মূল কাজ হলো এই চর্বিকে ভেঙে  ফেলা। দুধের মাঝে যখন সাবান দেওয়া হয় তখন এই সাবান দ্রুতগতিতে চর্বি ভেঙে ফেলতে থাকে এবং চারিদিকে ছড়িয়ে যায়। এই কাজটা করতে গিয়েই সাবান নিজের পথে থাকা এসব রঙের কণাগুলোকে ও ছড়িয়ে দেয়। তবে রঙ এলোমেলোভাবে না ছড়িয়ে সাবান থাকার কারণে সুন্দর করে ছড়িয়ে নকশা তৈরি করে। মজাদার তাই না!

তবে এই এক্সপেরিমেন্ট করার সময়ে একটা ব্যাপার খেয়াল রাখবেন। এক্সপেরিমেন্টের পর এই দুধ অবশ্যই ফেলে দেবেন। রঙিন দুধলোভে পড়ে আবার খেয়ে ফেলবেন না সাবধান।