সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি শহিদুল ইসলাম স্বাধীন মিয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া অন্য ২৯ জন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন শাল্লা জোনের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামকান্ত সিনহা।
সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. সেলিম নেওয়াজ রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন। শাল্লার ঘটনায় দায়ের করা দুটি মামলায় ১ হাজার ৫০০ হাজার আসামির মধ্যে মামলার প্রধান আসামি যুবলীগ নেতা ও ইউপি মেম্বার শহিদুল ইসলাম স্বাধীন মিয়াসহ এ পর্যন্ত ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে নোয়াগাঁওয়ে বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনায় পুলিশ ও ইউপি চেয়ারম্যানের দায়ের করা মামলার এজাহারে তথ্যে অসংগতি রয়েছে বলে অভিযোগ উঠেছে। গ্রামের বাসিন্দার মামলায় ৮৯টি ঘরবাড়ি ভাঙচুরের কথা বলা হয়েছে। আর পুলিশের করা মামলায় উল্লেখ করা হয়েছে, বাড়িঘরের সংখ্যা ৫৬টি। এছাড়া পুলিশের মামলায় পাঁচ-ছয়টি মন্দির ভাঙচুরের কথা বলা হলেও ইউপি চেয়ারম্যানের মামলায় আটটি মন্দির ভাঙচুরের কথা উল্লেখ করা হয়েছে। মামলা দুটির এজাহার পর্যালোচনা করে এমন অসংগতি বেরিয়ে এসেছে।
জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান সংবাদমাধ্যমকে জানান, মামলার তদন্ত চলছে। সঠিক তথ্য বের করে দ্রুত সময়ের মধ্যেই আদালতে অভিযোগপত্র দেওয়া হবে। তিনি জানান, এ ঘটনায় সম্পৃক্ত সবাইকে গ্রেফতার করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
