বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য গতকাল অন্য রকম একটি দিন গেছে। টিভির পর্দায় সকালে ক্রিকেট আর বিকালে ফুটবলে চোখ রেখেছিল দর্শক। ক্রিকেটে না জিতলেও ফুটবলে জয় পাওয়ায় বাংলার খেলাপ্রিয় মানুষ খুশিই হয়েছেন। নিজের দেশ জিতলে কার না ভালো লাগে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে কিরগিজস্তানের অলিম্পিক ফুটবল দলকে। আত্মঘাতি গোলে জয় পেলেও টুর্নামেন্টের প্রথম জয় খেলোয়াড়দের বাড়তি শক্তি যোগায়। ফুটবলের জয় যেন ক্রিকেট হতাশায় খানিকটা ব্যথার প্রলেপ দিয়েছে।
সকাল সাতটায় চোখ কচলাতে কচলাতে ক্রিকেট দর্শক টিভির সামনে বসেছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলার ক্রিকেটারদের খেলা দেখে উধাও হয়ে গিয়েছিল ঘুম। জয় আসবে, এমন সম্ভাবনা নিয়ে নড়েচড়ে বসেছিলেন দর্শক। কিন্তু ফিল্ডিং ব্যর্থতা আর মুশফিকদের অমার্জনীয় ক্যাচ মিস কিউইদের মাঠে সম্ভাব্য প্রথম জয়ের ইতিহাস গড়ার সুযোগ নষ্ট হয়ে যায়। দিনের বেলার এই কষ্ট খানিকটা দূর করে দিয়েছে সন্ধ্যায় নেপালের মাঠে বাংলাদেশ ফুটবল দলের জয়।
