আমাদের দেশে আইন না মানা যেন অভ্যাসে পরিণত হয়েছে। সরকারি কর্মকর্তা থেকে শুরু করে আমজনতা কেউ আইন মানতে চায় না। যথাযথভাবে আইন মানা এবং আইনের যথাযথ প্রয়োগ সুষ্ঠু সামাজিক ব্যবস্থাপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আইন আছে; কিন্তু আইনের যথাযথ প্রয়োগ হয় না—এজন্য অনেকেই আইন মানে না। আবার আইন প্রয়োগ করলেও দেখা যায় আইন মানতে অনেকেই অনীহা প্রকাশ করে বা ক্ষমতা দেখায়। কিন্তু একটি সভ্য এবং সুশৃঙ্খল দেশের পূর্ব শর্তই হলো আইনের যথাযথ প্রয়োগ এবং দেশের সচেতন নাগরিক হিসাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং আইন মেনে চলা। আমরা সাধারণ মানুষ যদি আইন না মানি তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব না। আমাদের দেশে আইন না মানার কারণেই জনদুর্ভোগ সবচেয়ে বেশি বাড়ছে। আমরা লাইনে দাঁড়াতে চাই না—আগে যেতে চাই। আমরা নিয়মে থেকে সেবা নিতে চাই না, টাকা দিয়ে সেবা কিনতে চাই। আমরা ধৈর্য ধরতে চাই না অস্থির হয়ে উঠি। আমরা নিয়ম মানতে চাই না, অনিয়ম করে এগিয়ে যেতে চাই। আমার কয়েকজন বন্ধু এবং পরিচিতজন রয়েছেন যারা পৃথিবীর বিভিন্ন দেশে থাকেন। তাঁরা অনেক সময় বলেন, আমাদের দেশে আইনের সঠিক প্রয়োগের যেমন ঘাটতি রয়েছে, তেমনিভাবে আইন মানার ক্ষেত্রেও আমরা দায়িত্বজ্ঞানহীন। আমাদের দেশের মানুষগুলি যখন বিদেশ যায় তখন দারুণভাবে আইন মেনে চলে। মেনে চলতে বাধ্য হয়। আমাদেরও উচিত আইন মেনে চলা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।
কামরুজ্জামান
সহকারী অধ্যাপক, ভূগোল বিভাগ,
মুক্তিযোদ্ধা কলেজ,
ভাওয়ালগড়, গাজীপুর
