প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হচ্ছে আজ বুধবার। আগামীকাল বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। এরপরে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণায় নামবেন চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থীরা। প্রথম ধাপে তিন পদে মোট বৈধ প্রার্থীর সংখ্যা ২০ হাজার ১৩৬ জন। চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীর সংখ্যা ১৬৮০ জন। এছাড়া সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে বৈধ প্রার্থী সংখ্যা ৪২৫০ জন ও সাধারণ ওয়াডের্র সদস্য পদে প্রার্থী সংখ্যা ১৪২০৬ জন। চেয়ারম্যান পদে একক প্রার্থী রয়েছেন ৩১ ইউপিতে। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হলে একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হবে। তবে মনোনয়নপত্র প্রত্যাহার শেষে এই সংখ্যা বাড়তেও পারে। এদিকে স্থানীয় সরকারের সবচেয়ে বড় নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৩৯ রাজনৈতিক দলের মধ্যে অংশ নিচ্ছে মাত্র ১১টি। এরমধ্যে আওয়ামী লীগ-জাপাসহ তিন দলের প্রার্থী বেশি।
ইসির কর্মকর্তারা বলছেন, প্রথম ধাপের ৩৭১ ইউপির মধ্যে আওয়ামী লীগ চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে ৩৫৮ ইউপিতে, বাছাইয়ের পর বাদ পড়েছেন চার প্রার্থী। ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রার্থী দিয়েছে ২২৭ ইউপিতে, বাছাইয়ে বাদ পড়েছেন ১০ প্রার্থী। জাতীয় পার্টি-জাপা প্রার্থী দিয়েছে ৩২ ইউপিতে, বাদ পড়েছেন ১ জন প্রার্থী। জাকের পার্টি-প্রার্থী দিয়েছে ১৫ ইউপিতে, বাদ পড়েছেন দুই জন প্রার্থী। চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ১০৯৭ জন, বাছাইয়ে বাদ পড়েছেন ৫৩ জন। আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিতরা স্বতন্ত্রী প্রার্থী হিসেবে এ নির্বাচন অংশ নিচ্ছেন। তবে বিএনপি এ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানালেও এই দলের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়া জাতীয় পার্টি-জেপি প্রার্থী দিয়েছে ছয় ইউপিতে, জাসদ তিন ইউপিতে, বিকল্পধারা তিন ইউপিতে, ওয়ার্কার্স পার্টি ছয় ইউপিতে, ন্যাশনাল পিপলস পার্টি এক ইউপিতে, কমিউনিস্ট পার্টি এক ইউপিতে ও বাংলাদেশ কংগ্রেস এক ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে। আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। একই দিন ১১ পৌরসভা ও একটি সংসদীয় আসনের উপনির্বাচন রয়েছে।
