যুক্তরাষ্ট্রের একটি সুপারমার্কেটে গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ ১০ জন নিহত হয়েছেন। কলোরাডোর বোল্ডার শহরে এ ঘটনা ঘটেছে। এই সহিংসতার ঘটনায় আহত এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কর্তৃপক্ষ ঘটনার কয়েক ঘণ্টা পর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে। সূত্র জানায়, গত সোমবার স্থানীয় সময় বেলা প্রায় ৩টার দিকে রকি পর্বতমালার পূর্বাংশের পাদদেশের শহর বোল্ডারের টেবল মেসা এলাকার খুচরা পণ্যের দোকান কিং সুপারসে এ ঘটনার সূত্রপাত হয়। তাত্ক্ষণিকভাবে পুলিশ গোলাগুলির এ ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি এবং সহিংসতার উদ্দেশ্যও পরিষ্কার হয়নি। বোল্ডারের পুলিশপ্রধান ম্যারিস হেরল্ড জানিয়েছেন, কিং সুপারসে হামলায় ১০ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ৫১ বছর বয়সি পুলিশ কর্মকর্তা এরিক টালিও আছেন। হেরল্ড বলেছেন, গুলির শব্দ শুনে ঘটনাস্থলে উপস্থিত হওয়া প্রথম ব্যক্তি ছিলেন টালি।
টেলিভিশনে ঘটনাস্থল থেকে সরাসরি সম্প্রচারিত ভিডিও ফুটেজে খালি গায়ে, হাফপ্যান্ট পরা দাড়িওয়ালা এক ব্যক্তিকে হ্যান্ডকাফ পরা অবস্থায় ঐ দোকান থেকে বের করে আনতে দেখা গেছে। এরপর তাকে স্ট্রেচারে করে একটি অ্যাম্বুলেন্সে তোলা হয়। পুলিশ হেফাজতে থাকা ঐ ব্যক্তির পা রক্তাক্ত ছিল এবং হাঁটার সময় সে খোঁড়াচ্ছিল। এই নিয়ে যুক্তরাষ্ট্রে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার প্রাণঘাতী নির্বিচার গুলিবর্ষণের ঘটনা ঘটল। গত মঙ্গলবার জর্জিয়া রাজ্যের আটলান্টা শহর ও এর আশপাশের তিনটি স্থানে নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় ছয় এশীয় নারীসহ আট জন নিহত হন। এসব হত্যাকাণ্ডের জন্য ২১ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
গোলাগুলির ঘটনা লাইভ স্ট্রিমে দেখিয়েছে প্রত্যক্ষদর্শীরা। পরে তা ইউটিউবেও প্রচারিত হয়েছে। পুলিশ বলছে, এ ঘটনার তদন্ত হচ্ছে। এক টুইট বার্তায় কলোরাডোর গভর্নর জেয়ার্ড পোলিশ শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই শোক ও বিষাদের সময় হতাহতদের পরিবারের জন্য আমি প্রার্থনা করি।’
