সড়কে ঝরল ছয় জনের প্রাণ

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২২:১৮

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জন মারা গেছে। এর মধ্যে রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত ও চার জন আহত, ময়মনসিংহের হালুয়াঘাটে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে নিহত এক ও আহত তিন, ফরিদপুরের মধুখালীতে বাসচাপায় এক ব্যক্তি, মানিকগঞ্জের ঘিওরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী, সুনামগঞ্জের ছাতকে যুবক ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় ট্রাক্টরচালক নিহত হন। এছাড়া জয়পুরহাটের পাঁচবিবিতে পেঁয়াজবোঝাই ট্রাকের ধাক্কায় পাঁচ অটোযাত্রী আহত হয়েছেন।

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা জানান, মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের পৌরসভার পদ্মার মোড় বেইলি ব্রিজ-সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জরিনা বেগম (৪৫) নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় চালক শহীদুল ইসলামসহ অটোরিকশার অপর যাত্রী খাদিজা বেগম, রবিন কাজী ও হাসি আক্তার গুরুতর আহত হন। আশঙ্কাজক অবস্থায় তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জরিনা গোয়ালন্দের হোসেন মণ্ডলপাড়া গ্রামের শমসের কাজীর স্ত্রী।

হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, হালুয়াঘাটে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত ও তিন জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে পৌর শহরের উত্তর বাজার শহিদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিন জন যাত্রী নিয়ে মোটরসাইকেলটি উত্তর বাজার থেকে শহিদ মিনার এলাকায় প্রবেশ করলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক আহসান হাবিব আপেল নিহত এবং ট্রাকের হেলপারসহ মোটরসাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হন। নিহত যুবক আপেল ফুলপুর উপজেলার সরচাপুর ঠাকুর বাখাই গ্রামের শাহেদ আলীর পুত্র।

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা জানান, সোমবার রাতে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী এলাকার গড়িয়াদহ নামক স্থানে বাসচাপায় এক ব্যক্তি নিহত হন। নিহত হরিশ মণ্ডল (৪৮) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বকচর গ্রামের হরেন মণ্ডলের পুত্র। হরিশ কামারখালী বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়িতে যাওয়ার পথে ঢাকা থেকে মাগুরাগামী পূর্বাশা পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান।

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের মানরা এলাকায় গতকাল মঙ্গলবার ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহত মো. হোসেন (৩২) উপজেলার পুরান ঘিওর গ্রামের নাসিম উদ্দিনের ছেলে।

ছাতক (সুনামগঞ্জ) সংবাভদদাতা জানান, মঙ্গলবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্ট-সংলগ্ন পল্লী বিদ্যুত্ কার্যালয়ের পাশে সড়ক দুর্ঘটনায় এক যুবক মারা গেছেন। নিহত আবু বক্কর (২৮) উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিরজ্ঞাতি গ্রামের ফুরুধন মিয়ার পুত্র। স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুত্ কার্যালয়ে বিল দিতে আসা আবু বক্করকে রাস্তা সংস্কারের কাজে নিয়োজিত বিটুমিনবাহী গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, শায়েস্তাগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় ট্রাক্টরচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বিরামচর নামক স্থানে নতুন ব্রিজগামী পল্লী বিদ্যুতের খুঁটিবাহী ট্রাক্টরকে পেছন দিক থেকে একই পথগামী বালুবাহী ড্রাম ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরচালক নূর ইসলাম ও ড্রাম ট্রাকের চালক, হেলপার গুরুতর আহত হন। পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নূর ইসলাম মারা যান। নিহত নূর ইসলাম পৌর এলাকার চরনুর আহমদ গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

এদিকে পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা জানান, মঙ্গলবার দুপুরে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের শিমুলতলী এলাকায় পেঁয়াজভর্তি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী আহত হন। আহতরা হলেন উপজেলার দমদমা গ্রামের স্বপন কুমারের স্ত্রী মিরা রানী, একই গ্রামের লক্ষ্মী রানী, উত্তম কুমারের মেয়ে কোয়েল, জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর মহল্লার আশরাফ আলীর ছেলে আবু তালহা পারভেজ এবং একই উপজেলার ইছুয়া গ্রামের আফজাল হোসেন।