ঢাকা উত্তর সিটি করপোরেশনের আশকোনার প্রেমবাগান এলাকায় একটি সড়কে বৃষ্টি ছাড়াই ম্যানহোলের পানিতে ভেসে গেছে সড়ক। প্রায় তিন মাস ধরে সেই সড়কে এমন পানি থাকলেও সেটি সরানোর উদ্যোগ নিচ্ছে না কেউ। সড়কটি সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলরের বাসার সামনে হলেও ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯, ৫০, ৫১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর জাকিয়া সুলতানার বাসার সামনের সড়কে ম্যানহোলের ঢাকনা চুুইয়ে পানি বের হচ্ছে। কতদিন ধরে এই পানি বের হচ্ছে জানতে চাইলে এলাকাবাসী জানান, প্রায় তিন মাস ধরে এই পানি জমছে সড়কে। ম্যানহোলের এই নোংরা পানির কারণে সড়কে চলাচল ব্যাহত হচ্ছে। নোংরা পানি মাড়িয়ে মসজিদে যেতে হচ্ছে। বৃষ্টি ছাড়াই সড়ক ডুবে যাওয়ায় এলাকাবাসী অনেক দিন ধরে কাউন্সিলরকে ম্যানহোল মেরামতের বিষয়ে বললে তিনি কোনো সাড়া দেননি বলে জানা যায়। পরে এলাকাবাসী তাদের উদ্যোগে ম্যানহোল মেরামত করতে চাইলেও সেটিও করতে দিচ্ছেন না কাউন্সিলর। এ বিষয়ে এই সড়কের পাশের দোকানদার মনির হোসেন বলেন, এই সড়কের যেন কোনো অভিভাবক নেই। এতদিন ধরে একটা সড়কের এই হাল অথচ কেউ ব্যবস্থা নিচ্ছে না। পাশেই আমার বাড়ি। আমি অনেকবার কাউন্সিলরকে এটি নিজ উদ্যোগে মেরামতের বিষয়ে বলেছি। কিন্তু তিনি সেটিও করতে দিচ্ছেন না।
এই সড়কে নিয়মিত যাতায়াত করেন হেমায়েত হোসেন। তিনি বলেন, এই সড়কটি একটি অবহেলিত সড়ক। বহুদিন ধরে দেখতেছি এখানে বৃষ্টি ছাড়াই পানি জমে থাকে। কাউন্সিলর এই এলাকায় থাকায় মানুষ মনে করেছিল একটু হলেও সুবিধা পাবে। উলটো তিনিই নাকি নিষেধ করছেন এটি মেরামত করতে। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯, ৫০, ৫১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর জাকিয়া সুলতানা বলেন, আসলে এটা ঠিক করার জন্য এ মুহূর্তে আমাদের কোনো বাজেট নেই। আমি এ বিষয়ে সিটি করপোরেশনকে জানিয়েছি। এলাকাবাসীর অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এমন অভিযোগ সত্যি নয়। কেউ যদি নিজ উদ্যোগে ঠিক করতে চায় তাহলে আমি প্রয়োজনে তাদেরকে সহযোগিতা করব।
