কড়াইল বস্তির লেক থেকে মা-ছেলের লাশ উদ্ধার

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২২:২৪

ঢাকার কড়াইল বস্তিতে এক নারী ও তার শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সকালে কড়াইল বস্তির পাশের লেক থেকে ২৪ বছর বয়সি হাসি বেগম এবং তার আট বছরের ছেলে নিরব হোসেনের লাশ উদ্ধার করা হয়। হাসির স্বামী রুবেল ঘটনার পর থেকে পলাতক বলে জানিয়েছেন বনানী থানার ওসি নূরে আযম। তিনি বলেন, লেকে মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। মা-ছেলে দুই জনকেই ‘শ্বাসরোধে হত্যা’ করা হয়েছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। হাসির সঙ্গে তার স্বামীর কলহ চলছিল। এর জের ধরে কয়েক দিন আগে হাসি কড়াইল বস্তিতে তার ভাইয়ের বাসায় চলে আসে।

এরপর হাসিকে ফিরিয়ে নিতে তার স্বামী রাজমিস্ত্রি রুবেলও গত সোমবার বিকালে কড়াইল বস্তিতে আসে। ওসি বলেন, স্থানীয়রা বলেছে, রাতে লেকের কাছে বসে রুবেল আর হাসি ঝগড়া করছিল। কিন্তু রুবেল যে ঐভাবে হত্যাকাণ্ড ঘটাবে, তা তারা বুঝতে পারেনি। পরিবার ভেবেছিল ঝগড়াঝাটি হয়ে নিজেদের মধ্যে মিল হয়ে যাবে। এ ঘটনায় বনানী থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।