শোক সংবাদ

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২২:৩০

লতিফ মিয়া

বাংলাদেশ জামদানী অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব, লতিফ সিকিউরিটিজ লি. এর কর্নধার ও এল আর গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ লুত্ফর রহমানের পিতা আব্দুল লতিফ মিয়া সম্প্রতি মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ বুধবার ভোরে মরহুমের মরদেহ দেশে আসবে। পরে বাদ জোহর রূপগঞ্জের তারাবো বিশ্বরোড সংলগ্ন বালুরমাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান

মুক্তিযুদ্ধের সুন্দরবন সাব সেক্টরের বীর মুক্তিযোদ্ধা, পিরোজপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, পিরোজপুর পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক কমিশনার এবং এককালীন শ্রমিক নেতা মো. হাবিবুর রহমান সিকদার (৭৭) ইন্তেকাল করেন। গতকাল মঙ্গলবার জোহরবাদ পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অফ অর্নার প্রদান করা হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। হাবিবুর রহমান সিকদার সোমবার রাত দেড়টার দিকে পিরোজপুর শহরতলীর ঝাটকাঠী এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান সিকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।