বেড়ায় ডোল বুনে সংসারের হাল ধরেছেন নারীরা

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২২:৩৫

ডোল বুনতে ব্যস্ত সময় পার করছেন বেড়া পৌর এলাকার শেখপাড়া মহল্লার নারীরা। করোনাকালের দুঃসময়ে ডোল বুনে তারাই সংসারের হাল ধরেছেন। জানা যায়, শেখপাড়া মহল্লায় প্রায় ২০০টি পরিবারের বসবাস। এসব পরিবারের বেশির ভাগ নারীই বাঁশের চাটাই ও ডোল বোনার সঙ্গে জড়িত। বছর জুড়ে মহল্লার নারীরা এই কাজ করলেও তাদের ব্যস্ততা সবচেয়ে বেড়ে যায় ধান কাটা মৌসুমে।

সরেজমিনে দেখা যায়, শেখপাড়া মহল্লার বিভিন্ন বয়সের নারী মিলেমিশে ডোল বুনছেন।  শেখপাড়ার ২০০টি পরিবারের মধ্যে কমপক্ষে ১৮০টি পরিবারের নারীরা জড়িত এই কাজে। কাজের ফাঁকে মহল্লার নীলা খাতুন, ঝর্ণা খাতুন, আলতা খাতুনসহ কয়েক জন জানান, ডোল বুনে এবার তাদের ভালো আয় হচ্ছে। এই আয়েই তারা সংসার চালিয়ে নিতে পারছেন। করোনার কারণে বাড়ির বেশির ভাগ পুরুষের আয়-রোজগার একেবারেই কম। ডোল তৈরির কাজ থেকে আয় না এলে না খেয়ে থাকতে হতো বলে তারা জানান।

শেখপাড়ার নারীদের নিয়ে গড়া একটি সমিতির উদ্যোক্তা স্কুলশিক্ষক শিখা রায় বলেন, ‘প্রতি বছরই ডোল বুনে শেখপাড়ার নারীরা বাড়তি আয় করে থাকেন; কিন্তু করোনাকালের দুঃসময়ে ডোল বুনে তারাই সংসারের হাল ধরেছেন।’ কাশিনাথপুর হাটের ডোল ব্যবসায়ী লিয়াকত আলী জানান, অন্যবারের তুলনায় এবার ডোলের চাহিদা ও দাম দুই-ই বেশি। এবার ২০-২২ মণ ধারণক্ষমতার প্রতিটি ডোল বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকায়। অন্যদিকে ৮-১০ মণ ধারণক্ষমতার ডোল বিক্রি হচ্ছে ৪০০-৫০০ টাকার মধ্যে।