ছাতকে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৭০

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২২:৩৮

ছাতকে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত হয়েছেন ৭০ জন। মঙ্গলবার সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ রেললাইনে হাসনাবাদ ও করছখালী গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত ইউপি সদস্য সদরুল ইসলামসহ ২০ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সোমবার সন্ধ্যায় স্থানীয় হাসনাবাদ বাজারে একটি সিএনজি অটোরিকশা রাখা নিয়ে করছখালী গ্রামের ওলিউর রহমান ও হাসনাবাদ গ্রামের রুহুল আমিনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি তাত্ক্ষণিক নিষ্পত্তি হলেও এর জের ধরে মঙ্গলবার সকালে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার ওসি নাজিম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।