হাতিয়ায় মঙ্গলবার দুপুরে পরিবেশ আইন অমান্য করায় একটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা ও সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার চরকিং ইউনিয়নের গামছাখালী গ্রামের সাফদার ব্রিক্স নামের ইটভাটাকে ঐ জরিমানা করে সিলগালা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব কান্তি রুদ্র এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তানজিদ তারেক ইবনে ছিদ্দিক। দীর্ঘদিন আইন অমান্য করে কার্যক্রম চালানোর অপরাধে ঐ ইটভাটার ম্যানেজার স্বপন চন্দ্রকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল এবং ভাটাটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
