খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম

জলঢাকায় ডিলারকে জরিমানা

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২২:৪১

জলঢাকায় খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগে মঙ্গলবার এক ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার বালাগ্রাম ইউনিয়নে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির সময় অভিযুক্ত ডিলার আব্দুল জলিলের গোডাউনে মজুত চালের বস্তা কম পাওয়ায় ঐ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুলতানুল ইসলাম জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে আব্দুল জলিল ডিলারের গোডাউন থেকে চাল বিক্রির সময় নির্ধারিত মজুত থেকে ১৭ বস্তা কম পাওয়া যায়। তিনি আরো জানান, গত ১৮ মার্চ আমার কার্যালয় থেকে ঐ ডিলার বিক্রির জন্য ৫০৪ বস্তা চাল উত্তোলন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, রেজিস্ট্রারের সঙ্গে চালের বস্তা মজুতের গরমিল পাওয়ায় ডিলারকে জরিমানা করা হয়েছে। আব্দুল জলিল অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, মাস্টাররোলের রেজিস্ট্রার বইতে টিপসহি ও তারিখ না থাকায় জরিমানা করা হয়েছে।