সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২২:৪৪

কৃষকদের রিপার ও কম্বাইন হারভেস্টার মেশিন হস্তান্তর

ভ্রাম্যমাণ প্রতিনিধি কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে ঝিনাইদহে কৃষকদের মধ্যে অর্ধেক ভর্তুকি মূল্যের রিপার ও কম্বাইন হারভেস্টার মেশিন হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এ মেশিন হস্তান্তর করা হয়। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশিদসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্তিত ছিলেন।

বেকারদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা ঈশ্বরগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় উপজেলা পর্যায়ে পরিচালিত বেকার যুব-যুব মহিলাদের সাত দিনব্যাপী অপ্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিআরডিবি হলরুমে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। পরে ১১ জনের মধ্যে যুব উন্নয়ন অধিদপ্তর ৪ লাখ ৪০ হাজার টাকার ঋণ বিতরণ করে।

স্বাভাবিক প্রসবসেবা শীর্ষক আলোচনাসভা

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা মেলান্দহে স্বাভাবিক প্রসবসেবা জোরদার শীর্ষক অবহিতকরণ সভা মঙ্গলবার মির্জা আজম অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও এমসিএইচ সার্ভিসেস ইউনিটের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও তামিম আল ইয়ামীন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক-এনডিসি বেগম সাহান আরা বানু এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

দুর্যোগ প্রতিরোধ দিবস পালিত

লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটে জাতীয় দুর্যোগ প্রতিরোধ দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে কালেক্টরেট স্কুল মাঠে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ব্যবস্থাপনায় ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও উদ্ধারবিষয়ক মহড়া প্রদর্শিত হয়। জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রেজাউল করিমের নেতৃত্বে লালমনিরহাট ইউনিটের সদস্যদের অংশগ্রহণে সচেতনতামূলক মহড়ায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু জাফর।

পল্লী সমাজের মানববন্ধন অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মঙ্গলবার মানববন্ধন অনুষ্ঠিত হয়। লক্ষণপুর পল্লী সমাজের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধে অনুষ্ঠিত মানববন্ধনে ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক প্রশান্ত কুমার দে, সাতক্ষীরা জেলা ব্যবস্থাপক তৌহিদুর রহমানসহ পল্লী সমাজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সড়ক দুর্ঘটনা রোধে প্রশিক্ষণ কর্মশালা

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে বাহুবলের মিরপুরে সড়ক দুর্ঘটনা রোধে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। মঙ্গলবার হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দাল মিয়ার সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাইনুল ইসলাম, শ্রমিক নেতা আসকার আলী, নূরুল আমিন শাহজাহান প্রমুখ।

চাঁদপুর শাহতলী কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন

চাঁদপুর প্রতিনিধি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ আনুষ্ঠানিকভাবে এই কর্নারের উদ্বোধন করেন। পরে এক আলোচনাসভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান সোহেল রুশতী।

স্কাউটসের কাউন্সিল সভা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট সদর উপজেলার ত্রিবার্ষিক কাউন্সিল সভা মঙ্গলবার সদর উপজেলা পরিষদের মুজিবুর রহমান ঢালী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্কাউট কমিশনার ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইশরাত ফারজানা। 

বান্দরবানে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ

বান্দরবান প্রতিনিধি বান্দরবান সদর ও রোয়াংছড়িতে মঙ্গলবার তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ ও অবহিতকরণ সভা হয়। বান্দরবান সদরে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর। প্রশিক্ষক ছিলেন প্রধান তথ্য কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ গোলাম কবির। এছাড়া রোয়াংছড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্যাহ আল জাবেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের পরিচালক প্রশাসন জে আর শাহরিয়ার।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে প্রস্তুতি সভা

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে চন্দনাইশে মঙ্গলবার সকালে এক প্রস্তুতি সভা হয়। পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন, মুক্তিযোদ্ধা জাফর আলী হিরুসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।