শেয়ারবাজার সূচক সামান্য বেড়েছে

আপডেট : ২৩ মার্চ ২০২১, ২২:৪৯

সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য বেড়েছে। দিনভর সূচক উঠানামার পর দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় এক পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১৩ পয়েন্টে উঠে আসে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ৯৩টি প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৮টির। আর ১১৪টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর-৩০ আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট কমে ২ হাজার ৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইর প্রধান মূল্য সূচক বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৬৩১ কোটি ৬ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৬৯৩ কোটি ১৭ লাখ টাকা। অর্থাত্ আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৬২ কোটি ১১ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৬১ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৫৪ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রবি। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—লংকাবাংলা ফাইন্যান্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, প্রিমিয়ার ব্যাংক, সিটি ব্যাংক, লাফার্জহোলসিম, সামিট পাওয়ার এবং জিবিবি পাওয়ার। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৪৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৭টির এবং ৫৯টির দাম অপরিবর্তিত রয়েছে।